ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০

ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন। এ সময় ছয়জন আহত হন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

শনিবার (৫ সেপ্টেম্বর) হামেদান-সানান্দাজ মহাসড়কে সড়ক দুর্ঘটনার পর ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, ট্যাংকারটির কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে।

সানান্দাজ শহরের গভর্নর জানান, দুর্ঘটনার পর সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। তবে নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। 

কর্মকর্তারা জানান, হতাহতদের সংখ্যা প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে এবং তা আরও পরিবর্তিত হতে পারে।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার বিশ্বের গড়ের তুলনায় প্রায় ২০ গুণ বেশি। দেশটির সড়কের দুরবস্থা ও দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।