পটুয়াখালীর দুমকি উপজেলার পাতাবুনিয়া বাজারে আগুনে দুটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
ক্ষতিগ্রস্তরা জানান, আগুন লাগার পরপরই স্থানীয়রা পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার ফোন দেন। অভিযোগ রয়েছে, প্রায় ১০ বার ফোন করার পর ২০-২৫ মিনিট পরে কল রিসিভ করা হয় এবং পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে ক্ষয়ক্ষতি আরও কম হতে পারত বলে তারা দাবি করেন।
অগ্নিকাণ্ডে রত্না এন্টারপ্রাইজের মালিক রুবেল খানের প্রায় ৫ লাখ টাকা এবং সুরাইয়া স্টোরের মালিক আবুল হাসানের প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন, বিদ্যুতের ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হতে পারে। তারা বিদ্যুৎ বিভাগের গাফিলতিকেই বড় ধরনের ক্ষয়ক্ষতির জন্য দায়ী করছেন।
এ বিষয়ে দুমকি পল্লী বিদ্যুৎ এরিয়া অফিসার (এজিএম) প্রকৌশলী মেহেদী হাসান বলেন, বিদ্যুৎকর্মীদের গাফেলতির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।