ভোলায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮

ভোলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার, একটি বাল্কহেড ও একটি কাঠের বোটসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর হোসেনসংলগ্ন তেঁতুলিয়া নদীতে এ অভিযান চালানো হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল তেঁতুলিয়া নদীতে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় আটজনকে আটক এবং বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার, বাল্কহেড ও কাঠের বোট জব্দ করা হয়।

আটকরা হলেন—বরিশালের বাকেরগঞ্জের পশ্চিম জিরাইল এলাকার মো. আবুল বাসার (৩৯), ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর গাজী এলাকার মো. ইসমাইল (৩১), কুঞ্জপট্টি এলাকার মো. সিদ্দিক হাওলাদার (৩০) ও মো. আরিফ হাওলাদার (৩০), চন্দ্রপ্রসাদ এলাকার মো. তারেক রহমান (২২), দুলারহাটের আহমেদপুর এলাকার মো. আলমগীর (৫৮), পশ্চিম ইলিশার পাঙ্গাসিয়া বাগারহাট এলাকার মো. হাসান হাওলাদার (২৫) এবং দক্ষিণ আইচার চরমানিকা এলাকার মো. রাজিব হাওলাদার (১৯)।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত আটজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়েছে জব্দ করা ড্রেজার, বাল্কহেড ও কাঠের বোট। ১৫ কার্যদিবসের মধ্যে এসব নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙনসহ নদীতীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা ঝুঁকিতে পড়ছে। নদীতীরবর্তী জনগণের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।