হিজুবুল্লাহর ড্রোন হামলার জবাবে লেবাননে ইসরায়েলের পালটা হামলা

হিজবুল্লাহর দুটি ড্রোন হামলার জবাবে দক্ষিণ লেবাননে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর রয়টার্সের। 

রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, দক্ষিণ লেবাননের একটি অংশকে তারা ‘নিরাপত্তা অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছে। সেখানে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহ দুটি ড্রোন ছোড়ার পর পাল্টা হামলা শুরু করা হয়েছে।

এর আগে দক্ষিণ লেবাননের আরব সালিম শহরের একটি ভবনের আশপাশের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, ভবনটি হিজবুল্লাহ ব্যবহার করছে এবং সেখানে হামলা চালানো হবে।

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পায়নি রয়টার্স। 

শুক্রবারও ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ব্যবহারের জন্য মজুত করা অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। 

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতের মধ্যে লেবাননে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইসরায়েলি হামলায় গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।