নেপালের ভয়াবহ ভূমিধস বন্যার ১১ দিন পর নুয়াকোটের বেত্রাবতী বাজারে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৬৪ বছর বয়সী চন্দ্রিকা শ্রেষ্ঠাকে। শনিবার (৫ সেপ্টেম্বর) সশস্ত্র পুলিশ বাহিনীর একটি উদ্ধারকারী দল তাঁকে উদ্ধার করে। খবর কাঠমান্ডু পোস্ট।
চন্দ্রিকা নুয়াকোটের বিদুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ২৬ আগস্ট ভোতেকোশি নদীর আকস্মিক ভয়াবহ বন্যায় বেত্রাবতীসহ নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা কার্যত ধ্বংস হয়ে যায়। ওই সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে চন্দ্রিকাও নিখোঁজ হন। পরে তাঁকে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল।
উদ্ধারকারী দলের নেতৃত্বে ছিলেন সশস্ত্র পুলিশ বাহিনীর পরিদর্শক সুমন বিক। উদ্ধারকর্মীরা বেত্রাবতী বাজারে আনন্দ শ্রেষ্ঠের বাড়ির ধ্বংসাবশেষে তল্লাশি চালানোর সময় চন্দ্রিকাকে খুঁজে পান। তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ত্রিশুলির মৈথিলি ব্যারাকে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী তাঁকে কাঠমান্ডুতে নেওয়ার কথা রয়েছে।
চন্দ্রিকার এই উদ্ধারকে নেপালের ভয়াবহ বন্যার মধ্যে বিরল এক আশার ঘটনা হিসেবে দেখা হচ্ছে। একই দিনে ভোতে কোশি বন্যায় আটকে পড়া আরও কয়েকজনকে জীবিত উদ্ধারের খবর পাওয়া যায়। এর মধ্যে আপার ত্রিশুলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি ২২৫ মিটার দীর্ঘ টানেল থেকে ১০ দিন পর এক চীনা নাগরিককেও জীবিত উদ্ধার করা হয়েছে।
গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তের পার্বত্য এলাকায় আকস্মিক হিমবাহ ও শিলাখণ্ড ধসের পর ভোতে কোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যা সৃষ্টি হয়। বন্যার স্রোত রাশুয়া, নুয়াকোটসহ ত্রিশুলি নদী উপত্যকার বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। ঘরবাড়ি, সড়ক, সেতু ও জলবিদ্যুৎকেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বহু মানুষ নিখোঁজ হন।
বন্যার পরও রাশুয়া ও আশপাশের এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দুর্গম ভূপ্রকৃতি, ধ্বংস হয়ে যাওয়া সড়ক ও সেতু এবং জলবিদ্যুৎ প্রকল্পের টানেলগুলোতে ধসের কারণে উদ্ধারকারীদের কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করতে হচ্ছে। নেপালি সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ ও অন্যান্য উদ্ধারকারী দলের পাশাপাশি আন্তর্জাতিক সহায়তাও কাজে লাগানো হচ্ছে।
এদিকে নেপালের বিভিন্ন এলাকায় বন্যা ও এর পরবর্তী ধ্বংসযজ্ঞে মৃত ও নিখোঁজের সংখ্যা এখনও বাড়ছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ, নদী তীর ও জলবিদ্যুৎ প্রকল্পগুলোতে নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে ১১ দিন পর চন্দ্রিকা শ্রেষ্ঠার জীবিত উদ্ধার স্বজনদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
নেপালে টানেল থেকে ১০ দিন পর চীনা নাগরিক জীবিত উদ্ধার
নেপালে দুই শ্রমিক উদ্ধারে আশাবাদী নিখোঁজদের স্বজন