চ্যাম্পিয়নদের হারিয়ে সেমিফাইনালে ওঠার লক্ষ্য বাংলাদেশের

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে বড় ব্যবধানে উড়িয়ে আত্মবিশ্বাসী শুরু পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে আসরের দ্বিতীয় ম্যাচেই নিগার সুলতানা জ্যোতির দলের সামনে অপেক্ষা করছে টুর্নামেন্টের অন্যতম কঠিন পরীক্ষা। আজ (রবিবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

এই ম্যাচ কেবল গ্রুপ পর্বের লড়াই নয়, বরং সেমিফাইনালের সমীকরণ সহজ করার এবং শক্তিশালী ভারতকে এড়িয়ে চলার সোনালী সুযোগ।

টুর্নামেন্টের পরিসংখ্যান বা সাম্প্রতিক রেকর্ড অবশ্য বাংলাদেশের পক্ষে কথা বলছে না। টি-টোয়েন্টি ফরম্যাটে লঙ্কানদের বিপক্ষে ১৬ ম্যাচের মাত্র ৩টিতে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা, আর শেষ পাঁচ দেখায় প্রতিটিতেই জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। বিশেষ করে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকায় তাকে আটকানোই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তবে ইন্দোনেশিয়া ম্যাচে সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তারের দায়িত্বশীল ব্যাটিং এবং বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। টুর্নামেন্টের আগের আসরগুলোতে শ্রীলঙ্কার বিপক্ষে চার ম্যাচে দুটি করে জয়ের সমতা থাকলেও, এবারের লড়াইটি হতে চলেছে পুরোপুরি কৌশলগত ও মানসিক শক্তির বড় পরীক্ষা।

দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক জ্যোতি সংবাদমাধ্যমকে নিজেদের মূল লক্ষ্যের কথা জানিয়ে বলেছিলেন, ‘আমরা অবশ্যই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব। কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে সেমিফাইনালের সমীকরণটা আমাদের জন্য একটু ভালো হতে পারে। ভারতের মতো দলের বিপক্ষে সেমিফাইনলে পড়তে না হলে সেটাও একটা সুবিধা।’ 

এদিকে প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে খুব একটা রান না পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে দলের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কথা বলেছেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। তিনি বলেন, ‘আমরা দুবাইতে এসেছি এশিয়া কাপে খেলতে এবং প্রথম ম্যাচে আমরা ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলে খুব ভালোভাবে জয়লাভ করেছি। মাঠের পরিবেশ, উইকেটের আচরণ সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছি, অভিজ্ঞতা নিতে পেরেছি। কালকে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারলে সেমির দিকে ভালোভাবেই এগিয়ে যাব এবং আমাদের লক্ষ্যের কাছাকাছি চলে যাব।’

নিজের ব্যক্তিগত লক্ষ্য জানিয়ে জুয়াইরিয়া আরও যোগ করেন, ‘আমার ব্যক্তিগত লক্ষ্য থাকবে যেহেতু ওপেনিং করি পাওয়ার প্লের ব্যবহার করার, ভালো বড় একটা ইনিংস খেলার। ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, সবাই দোয়া করবেন আমাদের জন্য।’ 

গ্রুপ পর্বে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ এবং সেমিফাইনালের সমীকরণ নিজেদের অনুকূলে রাখতে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে আজ সেরাটা দিতেই মাঠে নামবে জ্যোতি-নাহিদারা।