মেসির সঙ্গে এবার লাগলো আলোনসোর

মেজর লিগ সকারে ইন্টার মায়ামি ও আটলান্টা ইউনাইটেডের ম্যাচটি ড্র হওয়ার পর রূপ নিল উত্তপ্ত বাকযুদ্ধে। রোমাঞ্চকর এক ড্রয়ের পর মাঠে সৃষ্টি হয় অপ্রীতিকর এক পরিস্থিতি। ম্যাচ শেষ বাঁশি বাজতেই মেজাজ হারিয়ে আটলান্টা ডিফেন্ডার জুনিয়র আলোনসোর মুখোমুখি হন লিওনেল মেসি। দুজনের মধ্যকার এই তীব্র কথাকাটাকাটি মুহূর্তেই দুই দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো মাঠে।

ম্যাচটিতে নাটকীয়তার কমতি ছিল না। জাতীয় দল থেকে অবসরের পর ক্লাব ফুটবলে ফেরা মেসির অ্যাসিস্টে ৩২ মিনিটেই ক্যাসেমিরোর হেডে এগিয়ে গিয়েছিল মায়ামি। তবে মিগুয়েল আলমিরন দ্রুতই সমতা ফেরান।


এরপর লুইস সুয়ারেজ স্বাগতিকদের ফের এগিয়ে দিলেও, খেলার শেষ মুহূর্তে ৮৭ মিনিটে ব্রিল এমবোলো পেনাল্টি থেকে গোল করে আটলান্টার ড্র নিশ্চিত করেন। তবে খেলা চলাকালীন দুই দলের লড়াইয়ের উত্তাপ শেষ পর্যন্ত রূপ নেয় ব্যক্তিগত দ্বন্দ্বে।

ম্যাচ শেষে মেসির সাথে উত্তপ্ত ওই মুহূর্তের কারণ খোলাসা করেছেন আটলান্টা ডিফেন্ডার আলোনসো। এটি এ বিষয়ে তিনি বলেন, ‘মেসি রাগান্বিত ছিল কারণ আমি তার ঠিক পাশেই একটা ট্যাকল উদযাপিত করেছিলাম, সে বলেছিল এটা বাড়াবাড়ি। আমি তাকে বলেছিলাম যে তার আর্জেন্টাইন সতীর্থ রোমেরো, পারেদেস বা ডি পল যখন এমন করে, তখন তো সে কিছু বলে না।’ 

মাঠের লড়াই শেষ হলেও প্যারাগুইয়ান ডিফেন্ডার আলোনসোর এই কড়া জবাব ও মেসির সাথে উত্তপ্ত এই মুখোমুখি লড়াই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।