কয়রায় ১৪৫ কেজি হরিণের মাংস জব্দ

খুলনার কয়রায় সুন্দরবন থেকে পাচারের সময় ১৪৫ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। এ সময় বন রক্ষীদের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে বনের গহীন গভীরে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরবর্তীকালে আদালতের নির্দেশ অনুযায়ী জব্দকৃত মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সুন্দরবনের বন্যপ্রাণী সুরক্ষায় নিয়মিত টহল দেয়ার সময় হোড্ডা এলাকায় একটি সন্দেহজনক নৌকা দেখতে পায় বন বিভাগের একটি দল। বন রক্ষীদের উপস্থিতি বুঝতে পেরে নৌকায় থাকা চোরাকারবারিরা দ্রুত লাফিয়ে পড়ে সুন্দরবনের ভেতরে আত্মগোপন করে।

পরবর্তীকালে টহল দলটি পরিত্যাক্ত নৌকাটিতে তল্লাশি চালিয়ে ১৪৫ কেজি হরিণের মাংসের পাশাপাশি একটি হরিণের মাথা ও পা উদ্ধার করতে সক্ষম হয়। পরদিন রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উদ্ধারকৃত মাংস কয়রা উপজেলা আদালত চত্বরে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের নির্দেশে মাংসগুলো মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরবনের হড্ডা টহল ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, পালিয়ে যাওয়া চোরাকারবারীদের পরিচয় শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।