ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ আরও ছয় মাস বা তারও বেশি সময় ধরে চলতে পারে বলে সতর্ক করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা। তার আশঙ্কা, দ্রুত কোনো সমাধান না এলে এই সংঘাত পশ্চিম এশিয়ায় আরেকটি দীর্ঘস্থায়ী ‘চিরস্থায়ী যুদ্ধে’ পরিণত হতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যানেটা বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান বর্তমানে এমন এক ভয়াবহ অচলাবস্থায় আটকে আছে, যেখান থেকে যুদ্ধের অবসান ঘটানোর মতো কার্যকর বিকল্প খুব বেশি নেই।
প্যানেটা বলেন, ‘আমি মনে করি, কোনো সমাধান ছাড়াই এই যুদ্ধের আরও ছয় মাস চলার সম্ভাবনা বেশি।’
বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)-এর পরিচালক ছিলেন প্যানেটা। পরে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
ইরানের সঙ্গে চলমান সংঘাতের পরিণতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্যানেটা। তার মতে, যুদ্ধটি ইরাক ও আফগানিস্তানের মতো পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের আরেকটি দীর্ঘমেয়াদি ও ব্যর্থ সামরিক অভিযানে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
এদিকে যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্বের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন প্যানেটা। মার্কিন আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকলের পদত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এমন এক সময়ে মার্কিন সেনাসদস্যরা যুদ্ধে অংশ নিচ্ছেন, যখন পেন্টাগনের কমান্ড কাঠামোয় বিশৃঙ্খলা বিরাজ করছে।
তিনি আরও বলেন, ইরানসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রতিপক্ষ এখন ওয়াশিংটনের সামরিক সক্ষমতার দিকে নজর রাখছে। তারা দেখছে, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি কতটা কার্যকরভাবে ব্যবহার করতে পারছে।
প্যানেটা বলেন, ‘আমি মনে করি, ইরান হোক বা আমাদের অন্য প্রতিপক্ষ, তারা এখন যুক্তরাষ্ট্রের দিকে দৃষ্টি রাখছে। তারা দেখছে, যুক্তরাষ্ট্র নিজেদের রক্ষায় সামরিক শক্তি কার্যকরভাবে কাজে লাগানোর সক্ষমতার দিক থেকে দুর্বল হয়ে পড়েছে।’
চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানসহ বিভিন্ন রাষ্ট্র এবং সন্ত্রাসবাদের হুমকির কথা উল্লেখ করে প্যানেটা বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে অত্যন্ত বিপজ্জনক একটি বিশ্বপরিস্থিতির মধ্যে রয়েছে। এমন সময়ে দেশটির দুর্বলতার কোনো বার্তা প্রতিপক্ষদের কাছে পৌঁছানো অত্যন্ত উদ্বেগজনক।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রবিরোধী দেশগুলো মনে করছে, ওয়াশিংটন এখন তুলনামূলকভাবে দুর্বল। তার মতে, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের ধারণা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত বিপজ্জনক।