বেশ কয়েক বছরের বিরতির পর অভিনয়ে ফিরছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী বিপাশা বসু। পরিচালক হংসল মেহতার নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ‘বারাবাঁকি’র মাধ্যমে তিনি কামব্যাক করছেন। গত মাস থেকেই মুম্বাইতে এই প্রজেক্টের শুটিং শুরু করে দিয়েছেন অভিনেত্রী। ২০২০ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত থ্রিলার সিরিজ ‘ডেঞ্জারাস’-এ শেষ দেখা গিয়েছিল এই বঙ্গকন্যাকে। নতুন এই সিরিজটি মূলত অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার অলোক লালের লেখা ‘দ্য বারাবাঁকি নারকোস : বাস্টিং ইন্ডিয়াস মোস্ট নোটোরিয়াস ড্রাগ কার্টেল’ বইটির ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে। ১৯৮৪ সালের পটভূমিতে তৈরি এই ক্রাইম থ্রিলারে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলায় বিশাল আফিমবিরোধী পুলিশি অভিযানের রোমহর্ষক ও অনুপ্রেরণামূলক কাহিনি তুলে ধরা হবে। পরিচালক হংসল মেহতার এই প্রজেক্টে বিপাশা বসু ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সানি কৌশল এবং বিশাল জেঠওয়াকে। দীর্ঘ প্রতীক্ষার পর বিপাশার এই কামব্যাক নিয়ে তার অনুরাগীদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে।
তবে অভিনয়ে আবির নিয়মিত হবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিপাশা জানান, অভিনয়ের বদলে সংসারটাই আপাতত গুছিয়ে করতে চান তিনি। বলেন, যদিও সংসারটা এই কয়েক বছরে অনেকখানি গুছিয়ে ফেলেছি, তবে অভিনয়ে নিয়মিত হওয়ার জন্য মেয়ে দেবীর সুবিধা-অসুবিধার সঙ্গে কোনো রকম আপস করতে রাজি নই। মেয়েকে একা রেখে যদি কোনো রকম অসুবিধা না হয়, তখনই নিয়মিত শুটিংয়ে অংশ নিতে পারব। তবে এ জন্য মেয়ের থেকে আগে আমাকে অনুমতি নিতে হবে।’