সম্ভাবনাময় ও প্রতিভাবান তরুণীদের ভিড়ে শোবিজে নিজের এক আলাদা জায়গা তৈরি করে নিচ্ছেন তরুণ অভিনেত্রী জিন্নাত ফারজানা চাঁদনী। ছোট পর্দার নাটক দিয়ে ক্যারিয়ারের খাতা খুললেও, দিন দিন নিজের অভিনয়শৈলী দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন তিনি। আর সেই ধারাবাহিকতায় সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম ‘তোমাকে হলো না পাওয়া’-তে তার অনবদ্য অভিনয় এখন দর্শকমহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে। চাঁদনীর ক্যারিয়ারে এক নতুন পালক যুক্ত করেছে সম্প্রতি বঙ্গ বিডিতে মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম ‘তোমাকে হলো না পাওয়া’। প্রেমের টানাপড়েন, আবেগ আর প্রতিশোধের গল্পে নির্মিত এই ফিল্মটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন ফয়সাল আগুন। এতে চাঁদনীর সহশিল্পী রয়েছেন জুনায়েদ বোগদাদী।
মুক্তির পর থেকেই ওয়েব ফিল্মটি যেমন সাড়া ফেলেছে, ঠিক তেমনি দর্শকদের বিশেষ নজর কেড়েছে চাঁদনীর পরিণত অভিনয়। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সিনেমা সমালোচকদের রিভিউ সবখানেই তার সাবলীল এক্সপ্রেশন আর সংলাপ প্রক্ষেপণের প্রশংসা করা হচ্ছে। নেটিজেনদের মতে, চাঁদনী তার প্রীতি চরিত্রটিকে পর্দায় এতটাই জীবন্ত করে তুলেছেন যে, দর্শকরা খুব সহজেই তার সঙ্গে আবেগগতভাবে যুক্ত হতে পেরেছেন। অনেকেই বলছেন, চলতি ধারার বাইরে গিয়ে এ রকম একটি মনস্তাত্ত্বিক ও আবেগঘন চরিত্রে তার অভিনয় সত্যিই প্রশংসনীয়। এই একটি কাজ তাকে তরুণ প্রজন্মের অভিনেত্রীদের মাঝে বেশ কয়েক ধাপ এগিয়ে দিল।
ওটিটি প্ল্যাটফর্মের এই দারুণ সাড়ায় উচ্ছ্বসিত জিন্নাত ফারজানা চাঁদনী। এই সাফল্য প্রসঙ্গে তিনি জানান, ‘শুরুটা নাটক দিয়ে হলেও সবসময় ভালো গল্প আর চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার স্বপ্ন ছিল। ‘তোমাকে হলো না পাওয়া’ ওয়েব ফিল্মটি আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। দর্শকদের এত ভালোবাসা পাব সত্যি ভাবিনি। এই ভালোবাসা আগামীতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।’
চাঁদনীর শোবিজে পথচলা শুরু হয়েছিল ২০২৩ সালে নাটক দিয়ে। প্রথম দিকে ছোট ছোট চরিত্রে নিজের প্রতিভার স্বাক্ষর রাখলেও, খুব দ্রুতই নির্মাতাদের নজর কাড়তে সক্ষম হন তিনি। নাটকের বৈচিত্র্যময় চরিত্রে সাবলীল অভিনয় তাকে অল্প দিনেই দর্শকদের কাছে পরিচিত করে তোলে। তবে চাঁদনী সবসময়ই নিজেকে ভাঙতে চেয়েছেন, খুঁজতে চেয়েছেন ভিন্নধর্মী চরিত্র।