প্রতারণার একটি মামলায় দুই বছরের কারাদ-প্রাপ্ত বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছে উচ্চ আদালত। তার করা জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। বিদিশা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী। তিনি গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে আছেন।
প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ২৫ আগস্ট রাতে বিদিশাকে গুলশানের একটি রেস্তোরাঁ থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে নেওয়া হলে কারাগারে পাঠানো হয়। ওই দিন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে। এরপর জামিন পেতে মহানগর দায়রা আদালতে আবেদন করেন তিনি। দায়রা আদালতে সাজার বিরুদ্ধে আপিলও করেন। গত ২ সেপ্টেম্বর তার জামিনের আবেদন নামঞ্জুর হয়।
বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে রাজধানীর গুলশান থানায় এ মামলাটি করেন মোশাররফ হোসেন সিকদার নামে এক ব্যবসায়ী। গত ২০ মে বিদিশাকে এ মামলায় দুই বছরের সশ্রম কারাদ- দেয় ঢাকার একটি ম্যাজিস্ট্রেট আদালত। রায়ে কারাদ-ের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও এক মাসের কারাদ- দেওয়া হয়। তবে, রায়ের দিন অনুপস্থিত থাকায় বিদিশাকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। বিচারিক দুই আদালতে জামিনের আবেদন নামঞ্জুর হওয়ার পর হাইকোর্টে আবেদন করেন বিদিশা।
তার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. ফজলুর রহমান। সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ আলম দোহা। অ্যাডভোকেট মাসুদ মিয়া বলেন, ‘নিম্ন আদালতে নামঞ্জুর হওয়ার পর হাইকোর্ট জামিন দিয়েছে। আমাদের জানামতে তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। তাই তার কারামুক্তিতে কোনো বাধা নেই।’