দুরারোগ্য ব্যাধি দূর করার কথা বলে সর্বস্ব লুট করত তারা

প্রতারণার মাধ্যমে স্বর্ণালংকার আত্মসাৎ করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চক্রটি ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে দুরারোগ্য রোগসহ বিভিন্ন সমস্যার সমাধানের কথা বলে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করত। কেউ যোগাযোগ করলে সমাধানের আশ্বাস দিয়ে কবিরাজরা ভুক্তভোগীর বাসায় গিয়ে ঝাড়-ফুঁক ও আচার-অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বাস অর্জন করত। পরে সুযোগ বুঝে সব হাতিয়ে নিত।

গতকাল রবিবার সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার (এসএসপি) ছুফি উল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেনÑ সুনামগঞ্জের ছাতক উপজেলার ফকিরটিলা এলাকার মোছাম্মৎ জিয়াসমিন আক্তার ও আবদুল্লাহ মিয়া।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিআইডির ঢাকা মেট্রো-পূর্ব ইউনিটের একটি দল ৩ সেপ্টেম্বর রাত ২টার দিকে সুনামগঞ্জের ছাতক থানার ফকিরটিলা থেকে জিয়াসমিন আক্তারকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আবদুল্লাহ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানায়, চক্রটি ফেসবুক পেজে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিত। দুরারোগ্য রোগসহ বিভিন্ন সমস্যার চিকিৎসার কথা বলে মানুষের দৃষ্টি আকর্ষণ করা হতো। কেউ বিজ্ঞাপন দেখে যোগাযোগ করলে তাকে নানা সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হতো। পরে কথিত কবিরাজরা চিকিৎসার কথা বলে ভুক্তভোগীর বাসায় গিয়ে বিভিন্ন ঝাড়-ফুঁক ও আচার-অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বাস অর্জন করত। একপর্যায়ে বাসায় থাকা সোনার গয়না এক জায়গায় করতে বলা হতো। এরপর গয়না রুমালে নিয়ে পানিতে ডুবিয়ে রাখা এবং সেই পানি পুরো ফ্ল্যাটে ছিটানোর মতো কৌশলে চিকিৎসা চালানো হতো। ভুক্তভোগীর দৃষ্টি অন্যদিকে থাকার সুযোগে কৌশলে স্বর্ণ নিয়ে পালিয়ে যেত চক্রের সদস্যরা।