সরকারি ব্যবস্থাপনার হাজিরা ফেরত পাচ্ছেন ১৬৪১৯০ টাকা

সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজে অংশগ্রহণকারী হাজিদের জন্য সৌদি আরব পর্বের বাড়িভাড়া কম হওয়া ও আলোচনা করে সার্ভিস চার্জ কমানোয় চূড়ান্তকৃত খাতভিত্তিক অব্যয়িত অর্থ ফেরত প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি একে একটি অভূতপূর্ব পদক্ষেপ উল্লেখ করে বলেন, ‘হাজিদের স্বার্থে সরকারের এমন অর্থ ফেরত প্রদানের উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বেসরকারি মাধ্যমে নিরুৎসাহিত নয় বরং সরকারের এমন উদ্যোগের মাধ্যমে সবাই উৎসাহিত হবেন সেটাই আমাদের লক্ষ্য। গতকাল রবিবার সকালে বাংলাদেশ সচিবালয়ের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী এসব তথ্য ও সরকারের হজ ব্যবস্থাপনাসংক্রান্ত বিস্তারিত বিষয়াবলি তুলে ধরেন। এ সময় আনুষ্ঠানিকভাবে ১০ জন হাজির হাতে রিফান্ডের চেক তুলে দেওয়া হয় এবং অন্য হাজিদের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে অব্যয়িত অর্থ ফেরতের খাতভিত্তিক বিবরণ তুলে ধরে মন্ত্রী জানান, ২০২৬ সালের হজ প্যাকেজে বাড়িভাড়ার জন্য নির্ধারিত বরাদ্দের চেয়ে কম মূল্যে বাড়ি ভাড়া সম্পন্ন করা এবং আলোচনার মাধ্যমে সার্ভিস চার্জ হ্রাস পাওয়ায় এই উদ্বৃত্ত অর্থ ফেরত দেওয়া সম্ভব হচ্ছে। সরকারি মাধ্যমের মোট ৪,৩৪১ জন হাজি ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত পাবেন। তবে ২৩ জন হাজির চিকিৎসা ব্যয় তাদের স্বাস্থ্য বীমার চেয়ে বেশি হওয়ায় তারা কোনো অর্থ ফেরত পাবেন না বলে তিনি উল্লেখ করেন।