দারুস সালামে গৃহবধূকে গুলি করে তারই স্বামী : র‌্যাব

রাজধানীর দারুস সালামে নিজ বাসায় গৃহবধূ জেসমিন বেগম গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বামী ও ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব বলছে, স্বামী-স্ত্রী ঝগড়ার একপর্যায়ে স্বামীই তাকে গুলি করেন। গত শনিবার রাতে রাজধানীর মাতবরবাড়ি মসজিদ গলিতে নিজ বাসায় জেসমিন বেগম ডানহাতে গুলিবিদ্ধ হন। এরপর বাসায় টেলিভিশন দেখার সময় জানালা দিয়ে ছোড়া গুলিতে তিনি বিদ্ধ হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। বর্তমানে জেসমিন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি শঙ্কামুক্ত বলেও জানিয়েছে র‌্যাব। এ ঘটনার তদন্তে নেমে ওই নারীর স্বামী আব্দুল মান্নান, ছেলে রাকিব ও ছেলের বন্ধু হাতিম মিয়াকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে র‌্যাব।

এ বিষয়ে গতকাল রবিবার বিকেলে ঢাকার কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, ছায়া তদন্তে নেমে জানতে পারি, ওই মহিলাকে তার স্বামীই গুলি করেছেন। স্ত্রীর সঙ্গে ঝগড়া করার সময় উত্তেজিত হয়ে গুলি করেন। ঘটনার কয়েক ঘণ্টা পরই রাত সাড়ে ৩টার দিকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের ভাষ্য, পরে অস্ত্রটি ছেলে রাকিবের কাছে দেন মান্নান। রাকিব সেটি বন্ধু হাতিমের বাসায় লুকিয়ে রাখে।