বিরোধীদলীয় নেতার বক্তব্যে ক্ষুব্ধ মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়রের মেয়াদ ও দায়িত্ব পালন নিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। তার বক্তব্যকে আওয়ামী আমলের ‘ফ্যাসিবাদকে সমর্থন’ দেওয়ার নামান্তর বলে মন্তব্য করেছেন তিনি। গত শনিবার রাতে নগরীর লালদীঘি ময়দানে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের লংমার্চ শেষে এক সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, আগের সরকার, যে রাস্তা ধরে হেঁটেছে, এই সরকার একই রাস্তায় হাঁটছে। চট্টগ্রাম তার আরেকটা বাস্তব উদাহরণ। এখানে একজন মেয়র আছেন। এখন শুনি যে উনি যত দিন ইচ্ছা তত দিন থাকবেন। এটা কি সুশাসন নাকি ফ্যাসিবাদ?

জামায়াত আমিরের এ মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে শনিবার রাতেই সামাজিক মাধ্যমে কানাডা থেকে একটি ভিডিও বার্তা পোস্ট করেন মেয়র শাহাদাত হোসেন। সেখানে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের লংমার্চকে ‘লং ড্রাইভ’ আখ্যায়িত করে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ স্বৈরাচারী কায়দায় ২০২১ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে রেজাউল করিম চৌধুরীকে অবৈধভাবে নির্বাচিত করেছিল। ওই দিন জোর করে জনগণের রায় ছিনিয়ে নেওয়া হয়েছিল। এর বিরুদ্ধে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছিলাম। ট্রাইব্যুনাল আমাকে মেয়র নির্বাচিত ঘোষণা করে রায় দিয়েছেন। রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে। পরে আমি ২০২৪ সালের ৩ নভেম্বর মেয়র হিসেবে শপথ নিয়েছিলাম।