সৌদি আরবের পবিত্র মদিনার সব মসজিদে নারীদের জন্য পৃথক নামাজের স্থান খোলার অনুমোদন দিয়েছে দেশটির সরকার।
সম্প্রতি সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড.আবদুল লতিফ আল-শেখ এ অনুমোদন দেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মদিনার ঐতিহাসিক মসজিদের পাশাপাশি বিভিন্ন এলাকার সাধারণ ও বড় মসজিদও এ ব্যবস্থার আওতায় থাকবে।
এর ফলে শহরে কেনাকাটা, চাকরি, ভ্রমণ বা অন্য কোনো কাজে বাইরে থাকা নারীরা নামাজের সময় বাড়িতে ফেরার পরিবর্তে কাছাকাছি মসজিদে গিয়ে নির্ধারিত স্থানে নামাজ আদায় করতে পারবেন।
এতদিন মদিনার অনেক মসজিদে নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থান শুধু জুমা, তারাবি ও ঈদের নামাজ কিংবা ব্যস্ত মৌসুমে খোলা রাখা হতো। বছরের অন্যান্য সময়ে এসব স্থান বন্ধ থাকত। নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময় নারীদের জন্য এসব স্থান খোলা রাখা হবে।
তবে মসজিদে নববি এ সিদ্ধান্তের আওতায় পড়ছে না। বিশ্বের অন্যতম পবিত্র এই মসজিদে আগে থেকেই নারীদের জন্য পৃথক নামাজের স্থান রয়েছে।