টোকিও মসজিদে অমুসলিমদের জন্য বিশেষ আয়োজন

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পিএম

জাপানের রাজধানী টোকিওর কেন্দ্রীয় মসজিদে আয়োজিত ‘মসজিদ উন্মুক্ত দিবস’ অনুষ্ঠানে অংশ নিয়ে ইসলাম সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন জাপানি অমুসলিমরা। 

সম্প্রতি অনুষ্ঠিত এ আয়োজনে মুসলিম স্বেচ্ছাসেবকদের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেন তারা। ইসলামের বিভিন্ন দিক সম্পর্কে জানার পাশাপাশি মুসলমানদের নিয়ে নিজেদের ধারণা ও প্রশ্ন তুলে ধরেন দর্শনার্থীরা।

আইকিউএনএ-এর বরাতে জানা যায়, জাপান ইসলামিক সেন্টারের সহযোগিতায় টোকিও কেন্দ্রীয় মসজিদ এ অনুষ্ঠানের আয়োজন করে। জাপানি সমাজের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং ইসলামের পরিচয় তুলে ধরাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্ব পালন করেন রিম আহমেদ। তিনি কায়রো বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে জাপানি ভাষার অধ্যাপক এবং জাপানের তাকুশোকু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জোহরের নামাজের পর মধ্যাহ্নভোজের টেবিলে অংশগ্রহণকারীদের মধ্যে প্রাণবন্ত আলোচনা হয়। এ সময় জাপানি ভাষায় দক্ষ মুসলিম স্বেচ্ছাসেবকরা দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ইসলামের নানা বিষয় ব্যাখ্যা করেন। এর মধ্য দিয়ে ইসলাম সম্পর্কে জানার পাশাপাশি মুসলমানদের জীবনযাপন ও বিশ্বাস নিয়ে সরাসরি কথা বলার সুযোগ পান তারা।

অনুষ্ঠানের শেষ পর্বে দর্শনার্থীদের মতামত নেওয়া হয়। আলোচনার পর ইসলাম এবং মুসলমানদের সম্পর্কে তাদের আগের ধারণায় কোনো পরিবর্তন এসেছে কিনা, তা জানার চেষ্টা করা হয়।

জাপান ইসলামিক সেন্টারের দাওয়াহ ও শিক্ষা বিভাগ এ আয়োজনের ব্যবস্থাপনা করে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়া ছিল খুবই ইতিবাচক।

সর্বশেষ সর্বাধিক পঠিত