শিশুসহ ৭ দিন কারাগারে, জামিন পেলেন স্বামী হত্যার বিচার চাওয়া ফাতেমা

স্বামী হত্যার বিচার চেয়ে মামলা করা ফাতেমা বেগম অবশেষে জামিন পেয়েছেন। একটি পাল্টা মামলায় গ্রেপ্তার হয়ে ১৫ মাস বয়সী দুগ্ধপোষ্য শিশুসহ সাত দিন কারাগারে থাকার পর সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তার জামিন মঞ্জুর করেন মহেশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইনের আদালত।

ফাতেমার আইনজীবী মো. আনছার জানান, এক হাজার টাকা বন্ডে স্থানীয় একজন গণ্যমান্য ব্যক্তির জিম্মায় তার জামিন মঞ্জুর হয়েছে। জামিনের কাগজপত্র নিয়ে তারা কারাগারে গেছেন। সোমবার সন্ধ্যার মধ্যে ফাতেমা মুক্তি পেতে পারেন বলে জানান তিনি।

ফাতেমার পরিবার ও স্থানীয়দের ভাষ্য, ২০২৫ সালের ২৩ এপ্রিল কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের কবির বাজারে ফিশিংবোটের শ্রমিক মুহাম্মদ কাশেমকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন তার স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে মহেশখালী থানায় হত্যা মামলা করেন। মামলায় রাসেলসহ ১০ জনকে আসামি করা হয়।

এই হত্যাকাণ্ডের প্রায় চার মাস পর, ২০২৫ সালের ৩ আগস্ট কাশেম হত্যা মামলার আসামি রাসেলের মা নুর জাহান বেগম ফাতেমাসহ সাতজনের বিরুদ্ধে আদালতে পাল্টা মামলা করেন। অভিযোগে বলা হয়, ওই বছরের ২৪ মে তারা রাসেলের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছেন।

মামলাটি তদন্ত করে মহেশখালী থানার এসআই মো. মোজাহেরুল ইসলাম ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন দেন। এতে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়।

তবে মামলার তদন্ত প্রতিবেদনে সাক্ষী হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের কয়েকজন দাবি করেছেন, তারা ওই মামলায় কোনো সাক্ষ্য দেননি। তাদের ভাষ্য, ২০২৫ সালের ২৪ মে রাসেলের বাড়িতে ভাঙচুর বা লুটপাটের কোনো ঘটনাও ঘটেনি।

অন্যদিকে তদন্ত কর্মকর্তা এসআই মোজাহেরুল ইসলাম দাবি করেন, সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতেই অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত ৩১ আগস্ট রাতে ফাতেমা, তার শাশুড়ি রাশেদা বেগম ও বেড়াতে আসা মেয়ে নাছিমা আকতারকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতে হাজির করা হলে রাশেদা বেগম ও নাছিমা জামিন পেলেও ১৫ মাস বয়সী শিশুসহ ফাতেমাকে কারাগারে পাঠানো হয়।

ফাতেমা কারাগারে যাওয়ার পর তার দুই স্কুলপড়ুয়া মেয়েকেও এতিমখানায় রাখা হয়। বড় মেয়ে রাজমিন আকতার চতুর্থ শ্রেণিতে এবং ছোট মেয়ে মিশকাত জান্নাত প্রথম শ্রেণিতে পড়ে।

ফাতেমার আইনজীবী মো. আনছার বলেন, প্রতিপক্ষের করা মামলায় সাত দিন কারাগারে থাকার পর সোমবার আদালত ফাতেমাকে জামিন দিয়েছেন।

এর আগে দৈনিক দেশ রুপান্তর পত্রিকার শেষ পাতায় ' স্বামী হত্যার বিচার চাওয়ায় দুগ্ধ শিশু সহ কারাগার ' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।