হামের উপসর্গে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে এবং একজনের খুলনা বিভাগে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৭ জনে। এর বাইরে শরীরে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন আরও ১০০ জন।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৬০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪০৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৫৫ জন, রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৫, চট্টগ্রামে ৬৫, বরিশালে ৫৬, খুলনায় ৩৭ এবং রংপুর বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ১৫৬ জন রোগী এসেছেন। তাদের মধ্যে ১ হাজার ১০২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৫৬ জন, রাজশাহীতে ৩২, সিলেটে ১৫১, চট্টগ্রামে ২৪৯, বরিশালে ১৩৫, ময়মনসিংহে ৮৬, খুলনায় ৭৯ এবং রংপুরে ১৪ জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ২৭০ জনে। তাদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৮৩১ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩০৪ জনে। এদের মধ্যে পরীক্ষায় ১৯ হাজার ৭৫৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।