অস্কারজয়ী হলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জুলিয়ান মুর দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছেন। সেই তালিকায় যুক্ত হচ্ছে আরও একটি মর্যাদাপূর্ণ সম্মান। সুইজারল্যান্ডের জুরিখ চলচ্চিত্র উৎসব থেকে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন এই অভিনেত্রী। সম্মাননার খবরের পাশাপাশি নতুন সিনেমা ‘দ্য ডেবিউ’ নিয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মুর। জেসি আইজেনবার্গ পরিচালিত সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার সম্প্রতি টেলুরাইড চলচ্চিত্র উৎসবে অনুষ্ঠিত হয়েছে। প্রিমিয়ারের পর থেকেই ছবিটি পুরস্কারের মৌসুমে সম্ভাবনাময় সিনেমা হিসেবে আলোচনায় এসেছে।
‘দ্য ডেবিউ’তে জুলিয়ান মুর অভিনয় করেছেন মোনা ফ্রিডম্যান নামের এক গৃহবধূর চরিত্রে। মোনা গির্জার কোরাসে গান গাওয়ার পর আর কখনো জনসমক্ষে গান করেননি। কিন্তু হঠাৎ একটি কমিউনিটি থিয়েটারের প্রযোজনায় অভিনয়ের সুযোগ পেয়ে তাঁর জীবনে পরিবর্তন আসে। একটি ছোট চরিত্রের সুযোগকেই তিনি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভাবনা হিসেবে আঁকড়ে ধরেন।
এরপর অভিনয়ের প্রতি মোনার আগ্রহ ধীরে ধীরে তীব্র উন্মাদনায় রূপ নেয়। একজন সাধারণ গৃহবধূ কীভাবে অভিনয়ের নেশায় আচ্ছন্ন হয়ে একটি ছোট চরিত্রকেও জীবনের বড় অর্জন হিসেবে দেখতে শুরু করেন, সেই অদ্ভুত রূপান্তরকে কেন্দ্র করেই এগিয়েছে সিনেমাটির গল্প। জুলিয়ান মুরের অভিনয়েই চরিত্রটির মানসিক পরিবর্তন বিশেষভাবে ফুটে উঠেছে।