ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও কাস্টমস কর্মকর্তার মৃত্যু

ফেনীতে পৃথক দুই সড়কে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ফকিরহাটে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শাহেদ নামে এক স্কুলছাত্র প্রাণ হারায়। নিহত শাহেদ বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া গ্রামের মো. ইসমাইলের ছেলে এবং ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকালে বাবা ইসমাইলের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি সবজি বহনকারী অটোরিকশা শাহেদকে সজোড়ে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে তার বাবা দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহেদকে মৃত ঘোষণা করেন।

অন্য এক দুর্ঘটনায়, রবিবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সিলেট কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত মো. আবদুল আলিম (৩৫) নিহত হয়েছেন। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট এলাকার আবদুল কাদেরের ছেলে। মহাসড়কে সামনে থাকা একটি ট্রাক হঠাৎ ব্রেক কষলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। এই ঘটনায় আবদুল আলিম নিহত হন এবং অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে পাঁচজনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ফেনীর মহিপাল হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক কবির হোসেন জানান, দুর্ঘটনার পর উল্টে যাওয়া বাসের কারণে চট্টগ্রামমুখী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীকালে দুটি রেকার দিয়ে বাসটি সরিয়ে থানা হেফাজতে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি আটকের চেষ্টা চলছে। পরিবারের আবেদনের ভিত্তিতে নিহত কাস্টমস কর্মকর্তার লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।