ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে গোপন তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ৬টি লোডড্রেজার এবং ১টি বলগেট আটক করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, মেঘনা নদীর নির্দিষ্ট স্থানে অবৈধভাবে বালু তোলার সময় নৌযানগুলো শনাক্ত করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নদী থেকে বালু উত্তোলনের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা নৌযানগুলো ফেলে দ্রুত চম্পট দেয়। পরবর্তীতে পরিত্যক্ত নৌযানগুলো নিজেদের হেফাজতে নেয় কোস্টগার্ড।
সংস্থাটি জানিয়েছে, নদী ও উপকূলীয় অঞ্চলের পরিবেশ রক্ষা এবং যেকোনো অনিয়ম রুখতে তাদের নিয়মিত তৎপরতা চলছে। মেঘনা নদীকে অবৈধ বালু উত্তোলনমুক্ত রাখতে এমন অভিযান সামনেও জারি থাকবে।
এদিকে অনুমোদনহীনভাবে বালু তোলায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, প্রতিনিয়ত এভাবে বালু তোলার কারণে নদীর পাড় ধ্বসে যাচ্ছে, পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং নদীভাঙনের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। অনিয়ন্ত্রিত বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করতে নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।