দৌলতখানে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ভোলার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং দৌলতখান থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. রাজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দৌলতখান থানাধীন চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. বাচ্চু মিয়ার বসতবাড়ির সামনের পাকা সড়কে অবস্থান নেয়। এ সময় সেখান থেকে ৩০ পিস অবৈধ ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রতন সরদার (২৮), পিতা মো. মোস্তফা সরদার, চরপাতা ৮ নম্বর ওয়ার্ড, দৌলতখান; মো. রিদয় হাওলাদার (২২), পিতা মো. নজরুল হাওলাদার, চরপাতা ৪ নম্বর ওয়ার্ড, দৌলতখান; এবং মো. বজলুর রহমান (৩৫), পিতা মৃত আব্দুল বারেক, চরপাতা ৮ নম্বর ওয়ার্ড, দৌলতখান।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা এবং নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

জেলা পুলিশ সূত্রে জানানো হয়, মাদকের বিস্তার রোধ এবং অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে ভোলা জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।