জামালপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত  

জামালপুরের মাদারগঞ্জে মোটরসাইকেল ও দুইটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ওমর সানি (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

নিহত ওমর সানি উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার সবুজ মিয়ার ছেলে।  

স্থানীয় সূত্রে জানা সোমবার দুপুরে স্ত্রীকে ময়মনসিংহে রেখে তিনি বাড়িতে ফেরেন। বিকালে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময়  মোটরসাইকেলের সঙ্গে দুইটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরে সন্ধ্যার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামীম ইফতেখার বলেন, হাসপাতালে আনার আগেই ওমর সানির মৃত্যু হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, খবর পেয়ে নিহত ওমর সানির বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।