লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১১

দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু এবং দুজন স্বাস্থ্যকর্মী রয়েছেন বলে জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। আলজাজিরা জানিয়েছে, গতকাল সোমবার দক্ষিণ লেবাননের কফর রেমান শহরের একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এতে দুই শিশুসহ ৯ জন নিহত এবং অন্তত পাঁচজন আহত হন। একই শহরে বেসামরিক একটি গাড়ি লক্ষ্য করে চালানো পৃথক ড্রোন হামলায় গাড়িতে থাকা দুই স্বাস্থ্যকর্মী ঘটনাস্থলেই প্রাণ হারান। এর আগে রবিবার রাতে দক্ষিণ লেবাননের দেইর আল-জাহরানি এলাকায় উচ্ছেদ বার্তা জারি করার পর একটি আবাসিক এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর সামরিক স্থাপনার কাছাকাছি একটি ভবনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যেটি বিস্ফোরক ড্রোন উৎক্ষেপণে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

লেবাননের জনস্বাস্থ্যবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৯ হাজার মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ হাজার ৫৯৫ জন। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, সর্বশেষ গত মার্চ থেকে সংঘাত তীব্র হওয়ার পর লেবাননে ৪ হাজার ৩৫৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ হাজার ৩৫৯ জন। হতাহতদের ৯৪ শতাংশই লেবাননের নাগরিক।