বৈঠক ফলপ্রসূ হয়েছে : উইটকফ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পিএম

মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত। ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসন শুরুর পর দেশটিতে এটাই ট্রাম্পের দূতদের প্রথম সফর। কিয়েভের সেন্ট সোফিয়া ক্যাথেড্রালে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে স্বাগত জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার দুপক্ষের কয়েক ঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক চলে। তবে সেখান থেকে বড় কোনো অগ্রগতির ঘোষণা আসেনি। এই কূটনৈতিক সফরের স্বার্থে দুই দেশের রাজধানীতে তিন দিনের হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছেন পুতিন ও জেলেনস্কি। তবে অন্য অঞ্চলে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে।

বৈঠক শেষে স্টিভ উইটকফ সাংবাদিকদের জানান, আলোচনা বেশ সারগর্ভ ও গুরুত্বপূর্ণ হয়েছে এবং তারা এতে উৎসাহিত। তিনি জানান, সমাধান না হওয়া পর্যন্ত তারা তাদের কাজ চালিয়ে যাবেন।

যুদ্ধ বন্ধের লক্ষ্যে কিয়েভের এই আলোচনাকে ‘গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেন উইটকফ। ট্রাম্পের এ দূত বলেন, ‘এখানে ভালো একটি সমাধান হবে বলে আমরা আত্মবিশ্বাসী।’ জ্যারেড কুশনার ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেন, ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের অবসান ঘটাতে দৃঢ়প্রতিজ্ঞ এবং একটি দীর্ঘমেয়াদি ও স্থায়ী শান্তির জন্য সঠিক পরিবেশ তৈরি করতে তাদের নির্দেশ দিয়েছেন।

বৈঠকের আগেই জেলেনস্কি যুদ্ধ দ্রুত শেষ করার বিষয়ে আলোচনার প্রস্তুতির কথা জানান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, আমরা যুদ্ধ শেষ করার কাছাকাছি পৌঁছাতে আগ্রহী। আমাদের শান্তি প্রয়োজন, নিরাপত্তা নিশ্চয়তা প্রয়োজন এবং যুদ্ধপরবর্তী মর্যাদাপূর্ণ পরিস্থিতি প্রয়োজন। আমাদের প্রস্তাবগুলো তৈরি আছে। যুদ্ধের বিষয়ে জেলেনস্কি জানান, যুদ্ধ শীতকাল পর্যন্ত চললে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও জ্বালানি খাতে সহায়তা প্রয়োজন হবে। তিনি বলেন, এ মুহূর্তে পরিস্থিতি দেখে মনে হচ্ছে, যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে। জেলেনস্কি আরও বলেন, তিনি এমন ন্যায়সংগত শান্তি চান, যাতে রাশিয়া আবারও আগ্রাসন চালানোর সুযোগ না পায়। পরে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, শিগগিরই আবার ত্রিপক্ষীয় বৈঠক হবে। ইউক্রেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আলোচনায় বসবেন। শান্তি আলোচনা এগিয়ে নিতে তারা কাজ করবেন।

এর আগে শনিবার কিয়েভের সঙ্গে আলোচনার প্রস্তুতি হিসেবে মস্কোতে পুতিনের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী এক রুদ্ধদ্বার বৈঠক করেন এই দুই দূত। ক্রেমলিনের পক্ষ থেকে সেই বৈঠককে খোলামেলা ও গঠনমূলক বলে বর্ণনা করা হয়। পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানান, আলোচনায় কেবল ইউক্রেন সংকটই নয়, দুই দেশের মধ্যকার সম্ভাব্য বড় ধরনের অর্থনৈতিক প্রকল্প নিয়েও কথা হয়েছে। মস্কোয় বৈঠকের পর আকাশপথে পোল্যান্ডে যান কুশনার ও উইটকফের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সদস্যরা। এরপর তারা ট্রেনে চেপে সেখান থেকে কিয়েভে যান। এ বিষয়ে জেলেনস্কি সাংবাদিকদের বলেন, সব প্রস্তুতি থাকার পরও যুক্তরাষ্ট্রের দূতদের বহনকারী উড়োজাহাজটিকে কিয়েভে অবতরণ করানো সম্ভব হয়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত