জুনিয়র কুস্তিতে নড়াইল নারায়ণগঞ্জ চ্যাম্পিয়ন

জাতীয় জুনিয়র কুস্তির বালক বিভাগে নারায়ণগঞ্জ এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নড়াইল। গতকাল সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত দুই দিনব্যাপী প্রতিযোগিতায় বালক বিভাগে নারায়ণগঞ্জ তিনটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জসহ মোট চারটি পদক জিতে শিরোপা নিশ্চিত করে। একটি করে স্বর্ণ ও রৌপ্য জিতে নড়াইল প্রথম রানার্সআপ এবং একটি স্বর্ণ ও চারটি ব্রোঞ্জ জিতে দ্বিতীয় রানার্সআপ হয় খুলনা। অন্যদিকে বালিকা বিভাগে দাপট দেখিয়েছে নড়াইলের মেয়েরা। পাঁচটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট সাতটি পদক নিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম রানার্সআপ কুড়িগ্রাম জেলা দল পেয়েছে একটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট তিনটি পদক। একই সংখ্যক পদক নিয়ে দ্বিতীয় রানার্সআপ হয়েছে রংপুর জেলা দল। রংপুরের অর্জন একটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কুস্তি ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ এবং কোষাধ্যক্ষ এ কেএম আব্দুল মবিন উপস্থিত ছিলেন।