চীনের পূর্বাঞ্চলে ভূমিধসে ছয়জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও নয়জন। টাইফুন সাউডেলের প্রভাবে কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাতের পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, শনিবার জিয়াংসি প্রদেশের মিংকেং গ্রামে একটি বড় ধরনের ভূমিধসে পাঁচজন নিহত এবং সাতজন নিখোঁজ হন।
এ ছাড়া কাছের জুও’আন ও তাংশু শহরে ভূমিধসের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। সেখানে এখনো নিখোঁজ রয়েছেন দুজন।
টাইফুন সাউডেলের প্রভাবে কয়েক দিন ধরে টানা ভারী বৃষ্টিপাতের পর এসব ভূমিধসের ঘটনা ঘটে। গত মাসের শেষ দিকে চীনের পূর্ব উপকূলে আঘাত হানে টাইফুনটি।
প্রবল বৃষ্টির কারণে চীনের বেশ কয়েকটি শহরে অফিস-আদালত, স্কুল এবং গণপরিবহন সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
সিনহুয়া জানিয়েছে, মিংকেং গ্রামের ভূমিধসে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সড়কগুলোও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নিখোঁজদের সন্ধানে ঘটনাস্থলে ১৭০ জনের বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।
চীনে সাম্প্রতিক এই ভূমিধসের ঘটনা ঘটল গত মাসে হিমালয় অঞ্চলে ভয়াবহ হিমবাহজনিত বন্যার পর। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বতে ওই বন্যায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। সীমান্তের ওপারে নেপালে প্রাণ হারিয়েছেন প্রায় ১ হাজার ৩০০ মানুষ।
নেপালে এখনো ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। তিব্বতের সীমান্তবর্তী এলাকায় নিখোঁজের সংখ্যা ৫১৯।
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে হিমবাহ দ্রুত গলছে এবং চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ঘটছে। ফলে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও বাড়ছে।