রাজপরিবারের কর্মরত সদস্য নন হ্যারি-মেগান, রাজার চিঠিতে স্পষ্ট বার্তা

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল এখনো রাজপরিবারের কর্মরত সদস্য নন—এ বিষয়টি স্পষ্ট করায় কিছুটা বিস্মিত হয়েছেন এই দম্পতি। সাসেক্সের ডিউক ও ডাচেসের একজন মুখপাত্র জানিয়েছেন, সম্প্রতি যুক্তরাজ্যে ফিরে আসা হ্যারি-মেগান আগেভাগে বিষয়টি জানানো হয়নি বলে কিছুটা অবাক হয়েছেন। খবর বিবিসির। 

তবে রাজপ্রাসাদ-সংশ্লিষ্ট সূত্রের দাবি, সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে প্রকাশের আগে হ্যারি ও মেগানকে চিঠিটির বিষয়ে জানানো হয়েছিল।  

এদিকে যুক্তরাজ্যে ফিরে আসার পর হ্যারি-মেগানকে করদাতাদের অর্থে কতটা নিরাপত্তা দেওয়া হবে, তা পর্যালোচনা করতে এ সপ্তাহে একটি নিরাপত্তা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদেরও ওই কমিটিতে থাকার কথা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে সাধারণত কোনো মন্তব্য করে না। বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, সেটিও প্রকাশ করা হবে না বলে ধারণা করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, 'যুক্তরাজ্য সরকারের নিরাপত্তা ব্যবস্থা কঠোর এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ। দীর্ঘদিন ধরেই আমাদের নীতি হলো, নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তথ্য প্রকাশ না করা। কারণ এতে ব্যবস্থাটির কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।'

সোমবার রাজার বার্তা নিয়ে হ্যারি ও মেগানের 'বিস্মিত' হওয়ার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে জানা গেছে, মূলত তাদের প্রতিক্রিয়া জানানোর জন্য খুব কম সময় দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, সংবাদমাধ্যমে চিঠিটি প্রকাশের প্রায় এক ঘণ্টা আগে তারা সেটি দেখার সুযোগ পেয়েছিলেন। হ্যারির সঙ্গে তার দলের যোগাযোগের সময় চিঠিটি প্রায় প্রকাশিত হয়ে যাওয়ার পর্যায়ে ছিল বলেও জানা গেছে।

রাজার পক্ষ থেকে লর্ড চেম্বারলেনের মাধ্যমে পাঠানো চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, হ্যারি ও মেগান আর কর্মরত রাজপরিবারের সদস্য নন। গত মাসে তারা সন্তান আর্চি ও লিলিবেটকে নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আবার যুক্তরাজ্যে ফিরে আসেন।

রাজপ্রাসাদের সূত্র জানিয়েছে, চিঠিটি প্রিন্স হ্যারির দল ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তর, সামরিক কর্মকর্তাদের এবং লর্ড লেফটেন্যান্টদের কাছে পাঠানো হয়েছে। লর্ড লেফটেন্যান্টরা রাজপরিবারের স্থানীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন এবং রাজপরিবারের বিভিন্ন সফর ও অনুষ্ঠানের আয়োজনের সঙ্গে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি তারাও যুক্ত থাকেন।

চিঠিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে, হ্যারি ও মেগান ভবিষ্যতে যেসব অনুষ্ঠান বা কার্যক্রমে অংশ নেবেন, সেগুলো হবে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে। সেখানে তারা রাজপরিবারের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন না।