বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের পর জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করবে আফগানিস্তান। দেশটির ক্রিকেট বোর্ড (এসিবি) এই সিরিজের সূচির পাশাপাশি ভেন্যুও নিশ্চিত করেছে। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে তিন দলের এই প্রতিযোগিতা।
আগামী ৯ অক্টোবর আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের সফর। এরপর ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবেন লিটন দাসরা। ১৯ অক্টোবর আফগানিস্তান ও জিম্বাবুয়ে এবং ২১ অক্টোবর আফগানিস্তান ও বাংলাদেশের ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্ব শেষে ২৩ অক্টোবর হবে ফাইনাল।
সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত ৩৯টি আন্তর্জাতিক খেলেছে বাংলাদেশ। তবে এবারই প্রথম সেখানে টেস্ট খেলতে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এটিকে দলের জন্য নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন, 'টেস্ট ম্যাচ এবং ত্রিদেশীয় সিরিজটি বাংলাদেশ ও আফগানিস্তান উভয় দেশের ক্রিকেট ভক্তদের জন্য উত্তেজনাপূর্ণ ক্রিকেট মৌসুমের প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা টেস্ট ক্রিকেটকে অত্যন্ত গুরুত্ব দিই এবং সংযুক্ত আরব আমিরাতে আমাদের ক্রিকেটারদের লাল বলের ক্রিকেটের অভিজ্ঞতা হবে এটিই প্রথম। এই কন্ডিশনে আফগানিস্তান বরাবরই ভালো খেলে এবং তাদের বিপক্ষে নিজেদের চ্যালেঞ্জ জানানোর একটি চমৎকার সুযোগ হবে এটি।'
এই সূচির মধ্য দিয়েই জাতীয় দলের ব্যস্ত সময় শুরু হচ্ছে। ২৯ সেপ্টেম্বর এশিয়ান গেমস ক্রিকেটে অভিযান শুরুর পর অক্টোবরে আফগানদের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। দেশে ফিরে ২৮ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরু হওয়ার কথা। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবেন লিটনরা।
টেস্টের ১০ দিন আগেই বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর ১০ দিন আগেই ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আগামী ১৮ অক্টোবর বাংলাদেশে পা রাখবে ক্যারিবীয়রা। সফরের আগে প্রস্তুতির জন্য একটি তিন দিনের ম্যাচও খেলবে তারা। গতকাল দুই ম্যাচের এই টেস্ট সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সূচি অনুযায়ী, সফরের শুরুতেই ঢাকায় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ২২ থেকে ২৪ অক্টোবর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে তিন দিনের ম্যাচটি। এরপর চার দিন বিরতির পর ২৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এই লড়াই চলবে ১ নভেম্বর পর্যন্ত। এরপর দুই দল পাড়ি দেবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ নভেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচটি শেষ হবে ৯ নভেম্বর। অর্থাৎ প্রস্তুতি ম্যাচসহ প্রায় তিন সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবে ওয়েস্ট ইন্ডিজ দল।
দুই ম্যাচের এই সিরিজটি ২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ফলে সিরিজটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান চতুর্থ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে অষ্টম স্থানে। ঘরের মাঠে সিরিজ জিতে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে।