অক্সিজেন সংকটে খুমেকের শিশু বিভাগে নতুন রোগী ভর্তি বন্ধ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) শিশু বিভাগে ধারণক্ষমতার প্রায় চার গুণ রোগী ভর্তি থাকায় অক্সিজেন সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে নতুন করে কোনো রোগীকে ভর্তি না করার নির্দেশনা দিয়েছে বিভাগটি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে দেওয়া এক নির্দেশনায় বলা হয়েছে, পর্যাপ্ত অক্সিজেন না থাকায় নতুন রোগীকে অক্সিজেন দেওয়া সম্ভব নয়।

শিশু বিভাগের ওই নির্দেশনায় বলা হয়েছে, ‘শিশু বিভাগে নতুন করে কোনো রোগীকে অক্সিজেন দেওয়া সম্ভব নয়। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।’

নির্দেশনার নিচে সহকারী রেজিস্ট্রার, শিশু মেডিসিন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল উল্লেখ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খুমেক হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. রোকসানা পারভিন।

খুমেকের শিশু বিভাগ সূত্রে জানা গেছে, শিশু বিভাগে নির্ধারিত শয্যা রয়েছে ৪৮টি। এর বিপরীতে মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটে রোগী ভর্তি ছিল ১৭৬ জন। অর্থাৎ নির্ধারিত শয্যার তুলনায় প্রায় চার গুণ রোগী চিকিৎসাধীন ছিলেন। এদিন নতুন করে ভর্তি হয়েছে ৩৭ জন।

হাসপাতাল সূত্র জানায়, শয্যার তুলনায় অতিরিক্ত রোগী থাকায় শিশু বিভাগের চিকিৎসক ও নার্সদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে অক্সিজেন সরবরাহে সংকট দেখা দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে শ্বাসকষ্টসহ সংকটাপন্ন শিশুদের জন্য অক্সিজেনের প্রয়োজন হওয়ায় নতুন রোগী ভর্তি নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

রোগীর স্বজনরা জানান, অসুস্থ শিশুদের নিয়ে হাসপাতালে এসে ভর্তি হতে না পারলে তাঁরা বড় ধরনের বিপাকে পড়বেন। সংকটাপন্ন শিশুদের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা ও অক্সিজেনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।