চুলের সাজে স্ট্রেইটনার

চুলে আয়রন, ব্লোড্রায়ার, কার্লার ব্যবহার করেন অনেকে। হেয়ার টুলস আয়রন, ব্লোড্রায়ার, কার্লার চুলে তাপ উৎপন্ন করে। এসব ব্যবহারের সময় পাতলা চুলের জন্য হেয়ার টুলসের তাপমাত্রা ১৬০ থেকে ২০০ এবং ঘন চুলের সাজের জন্য ২০০ থেকে ২৩০ ডিগ্রি রাখতে হবে। বিস্তারিত জানালেন রূপবিশেষজ্ঞ শোভন সাহা

চুলের আয়রন বা ব্লোড্রায়ার ব্যবহার করার আগে  তাপ প্রতিরোধক স্প্রে বা সিরাম চুলের সুরক্ষার স্তর তৈরি করে। ফলে চুলকে সরাসরি ক্ষতি হওয়া থেকে বাঁচায়। এছাড়া  চুল উজ্জ্বল ও ঝরঝরে থাকে।

তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সরঞ্জাম

নন-ব্রান্ড ও কম দামের আয়রন ও ব্লোড্রায়ার ব্যবহারের কারণে চুল পুড়ে যেতে পারে। তাই কেনার সময় সিরামিকের প্লেট আছে এমন আয়রন কিনতে হবে। এছাড়াও তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় এমন আয়রন ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করতে হবে।

চুলের একই স্থানে বারবার আয়রন না করা : চুলের একই অংশে বারবার স্ট্রেইটনার ব্যবহার ক্ষতিকর। তাই ক্ষতি এড়াতে সময় নিয়ে একবারেই ভালো মতো চুল আয়রন করে নিতে হবে।

হেয়ার স্প্রে ও জেল : চুল সাজাতে অনেকেই হেয়ার স্প্রে ও জেল ব্যবহার করেন। তবে অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকতে হবে। আবার ব্যবহার শেষে ভালো মানের শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল পরিষ্কার করে নিতে হবে।

ক্ষতিগ্রস্ত চুলের যত্ন

 চুলে নানান প্রসাধনী ও সরঞ্জাম ব্যবহারের কারণে ক্ষতি হওয়াই স্বাভাবিক। চুল ভালো রাখতে যতœ করা প্রয়োজন। মাসে একবার চুলে স্পা করা এবং সপ্তাহে চুলে মাস্ক ব্যবহার জরুরি। এতে চুল সুস্থ ও স্বাস্থ্যোজ্জ্বল হয়। হেয়ার ড্রয়ারের পরিবর্তে চুল বাতাসে শুকানো। যাদের  চুল দুর্বল তারা কোনো রকম তাপীয় সরঞ্জামের ব্যবহার না করা ভালো।

স্ট্রেইটনার ব্যবহারের খুঁটিনাটি

চুল দ্রুত সোজা করে গোছানো লুক দিতে হেয়ার স্ট্রেইটনারের জুড়ি নেই। তবে তাপ দিয়ে চুলের গঠন সাময়িকভাবে বদলানো হয় বলে ব্যবহারে অসতর্ক হলেই চুল শুষ্ক, রুক্ষ কিংবা ভঙ্গুর হয়ে যেতে পারে। শুধু স্ট্রেইটনার চালালেই হবে না, জানতে হবে সঠিক কৌশলও।

ব্যবহারের আগে : চুল ভালোভাবে পরিষ্কার করে পুরো চুল শুকিয়ে নিতে হবে। ভেজা চুলে স্ট্রেইটনার ব্যবহার করা উচিত নয়। চুলে জট থাকলে আগে চিরুনি দিয়ে আলতো করে জট ছাড়িয়ে নিন। এরপর হিট-প্রটেকশন স্প্রে বা সিরাম ব্যবহার করলে অতিরিক্ত তাপের ক্ষতি কিছুটা কমানো যায়।

তাপমাত্রা ঠিক করুন : সব ধরনের চুলে একই তাপমাত্রার প্রয়োজন হয় না। পাতলা বা দুর্বল চুলে কম তাপ ব্যবহার করা ভালো। ঘন ও শক্ত চুলে কিছুটা বেশি তাপ প্রয়োজন হতে পারে। প্রথমবার ব্যবহারের সময় কম তাপমাত্রা দিয়ে শুরু করে প্রয়োজন অনুযায়ী বাড়ানো নিরাপদ।

কীভাবে চালাবেন : চুল কয়েকটি ছোট ভাগে ভাগ করুন। একবারে বেশি চুল নিয়ে স্ট্রেইটনার চালালে সমানভাবে তাপ পৌঁছায় না এবং বারবার একই অংশে চালাতে হয়। গোড়া থেকে সামান্য দূরে স্ট্রেইটনার বসিয়ে ধীরে ধীরে নিচের দিকে টেনে আনুন। একই অংশে বারবার স্ট্রেইটনার না চালানোই ভালো।