রান্নাঘরের পরিচিত মসলাগুলোর মধ্যে একটি হলো আজওয়ান বা জোয়ান। স্বাদ ও ঘ্রাণের জন্য বেশ জনপ্রিয় মসলা। দেখতে অনেকটা জিরার মতো ছোট দানার এই মসলা। এর রয়েছে তীব্র সুগন্ধ ও ঝাঁঝালো স্বাদ। ভারতীয় উপমহাদেশের রান্নায় আজওয়ান এর ব্যবহার দীর্ঘদিনের। বিশেষ করে পরোটা, পুরি, কচুরি, নিমকি, পকোড়া, সমুচা ও বিভিন্ন ধরনের নাশতা তৈরিতে আজওয়ান ব্যবহার হয়। ডাল, সবজি কিংবা মাংসের কিছু পদেও স্বাদ ও ঘ্রাণ বাড়াতে অল্প পরিমাণে দেওয়া হয়। অনেকেই রুটি বা ময়দার খাবার তৈরির সময় আজওয়ান মিশিয়ে থাকেন।
আজওয়ান মিসর ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে চাষ হয়। বর্তমানে ভারত, পাকিস্তান, ইরান, মিসরসহ বিভিন্ন দেশে চাষ হচ্ছে। আজওয়ান শুধু রান্নার স্বাদ বাড়ায় না, হজমে সহায়ক মসলা হিসেবেও পরিচিত। এতে থাকা থাইমল নামের উপাদানের কারণে বিশেষ সুগন্ধ তৈরি হয়। ভারী বা তেলযুক্ত খাবারের পর অনেকেই আজওয়ান খেয়ে থাকেন। যাতে অ্যাসিডিটির সমস্যা না হয়। অতিরিক্ত খাওয়া উচিত নয়। শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে।