ভিন্ন স্বাদে ইলিশ

রেসিপি দিয়েছেন রুমানা বখতিয়ার

পোলাও

উপকরণ

ধাপ : ১

পোলাওয়ের চাল ২ কাপ, ইলিশ মাছের টুকরা ৮ পিস।

স্টক তৈরি : ইলিশের মাথা ও লেজ আলাদা করে পানি দিয়ে সিদ্ধ করে স্টক করে নিতে হবে ২ কাপ।

ধাপ : ২

নারিকেলের দুধ ২ কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, মরিচের গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, তেল এক কাপের তিন ভাগের এক ভাগ, টক দই ২ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, তেজপাতা ১টি, দারুচিনি ২ টুকরো, এলাচ ৩ পিস, কাঁচামরিচ ৭টি, গরম পানি ১ কাপ, লবণ দেড় চা চামচ।

যেভাবে তৈরি করবেন

পোলাওয়ের চাল পানিতে ভিজিয়ে রেখে ঝরিয়ে নিন। ৪ কাপ পানিতে মাছের মাথা ও লেজ সেদ্ধ করে ২ কাপ করে সেদ্ধ পানিটুকু ছেঁকে নিন। ফ্রাইপ্যানে তেল গরম করে পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, দই ও সামান্য গরম পানি দিয়ে কষিয়ে নিন। এতে ১ কাপ নারিকেলের দুধ ও আধা চা চামচ লবণ দিয়ে ফুটিয়ে নিন। এবার সাবধানে মাছগুলো বিছিয়ে দিন। এরপর ৭টা কাঁচা মরিচ দিয়ে ঢেকে রাখুন। মাঝারি আঁচে ১৫ মিনিট রান্না করে নামিয়ে নিন। আরেকটি প্যানে মাছের স্টক নারিকেলের বাকি দুধটুকু এবং ১ কাপ গরম পানি দিয়ে চুলায় চাপিয়ে দিন। লবণ, তেজপাতা, এলাচ ও দারুচিনিও দিয়ে দিন। বলক এলে চাল দিয়ে দিন। চাল আধাসেদ্ধ হলে অর্ধেকটা ভাত উঠিয়ে আলাদা করে নিন এবং রান্না করা ইলিশ ঝোলসহ অর্ধেকটা প্যানের ভাতের ওপরে বিছিয়ে দিন। তার ওপরে আধা   টেবিল চামচ ঘি ও অর্ধেকটা বেরেস্তা ছড়িয়ে দিয়ে বাকি চাল দিয়ে মাছগুলো ঢেকে দিন। একইভাবে বাকি মাছ ঝোলসহ ভাতের ওপরে বিছিয়ে দিন এবং তার ওপর বাকি ঘি ও বেরেস্তাটুকু ছড়িয়ে দিন। তাওয়ার ওপরে দমে রেখে দিন। ৩০ মিনিট রেখে নামিয়ে পরিবেশন করুন।

কোফতা

উপকরণ

ধাপ : ১

ইলিশ মাছ সেদ্ধ ১ কাপ, পাউরুটি ১ পিস, হলুদ গুঁড়া সিকি চা চামচ, লবণ আধা চা চামচ, তেল আধা কাপ

কোফতা তৈরি : লবণ দিয়ে মাছ সেদ্ধ করে নিন। সেদ্ধ মাছ থেকে কাটা ছাড়িয়ে রাখুন। এখন তেল বাদে বাকি সব উপকরণ ভালো করে সেদ্ধ মাছ মেখে  কোফতার মতো গোল গোল বল তৈরি করে নিন। তৈরি করে রাখা কোফতা ফ্রাইপ্যানের হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন।

ধাপ : ২

পেঁয়াজ বাটা আধা কাপ, টমেটো পেস্ট ৪ চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা দেড় চা চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, দই সিকি কাপ, কাঁচা মরিচ ৪টা।

যেভাবে তৈরি করবেন

ফ্রাইপ্যানে তেল গরম করে পেঁয়াজ বাটা দিয়ে লালচে করে ভেজে তাতে টমেটো পেস্ট দিন। এবার দই ও বাকি সব মসলা দিয়ে এক বার কষিয়ে নিন। কষানো হলে ভেজে রাখা কোফতা দিয়ে সামান্য কষিয়ে নিন। এরপর একটু পানি দিয়ে ৫ মিনিট অল্প আঁচে রান্না করুন। হয়ে গেলে বাকি সব উপকরণ আস্ত মরিচ, চিনি ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

কাবাব

উপকরণ

ধাপ : ১

সেদ্ধ ইলিশ মাছ ১টা, পেঁয়াজ কুচি আধা কাপ, ধনেপাতা কুচি সিকি কাপ, কাবাব মসলা ২ চা চামচ, লেবুর রস ২ চা চামচ, মরিচ কুচি ৩ চা চামচ, তেল ৪ টেবিল চামচ।

মাছ তৈরি :  ইলিশ মাছ সেদ্ধ করে কাটা বেছে নিন। কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। এরপর আদা কুচি দিয়ে দিন। ভাজা হলে পরে সেদ্ধ মাছ, কাবাব মাসালা, কাঁচা মরিচ কুচি দিয়ে কষিয়ে নিন। ভাজা ভাজা হলে পরে ধনে পাতা কুচি ও লেবুর রস দিয়ে নামিয়ে নিন।

ধাপ : ২

বিস্কুটের গুঁড়া ১ প্যাকেট, আস্ত মাছ ১টা।

যেভাবে তৈরি করবেন

প্রথমে মাছের কাঁটা বিছিয়ে দিন। এরপর মাছের মাথা আর লেজ দুপাশে দিয়ে সেদ্ধ করে মাছ প্লেটে সাজিয়ে দিন। মাছ বিছানো হয়ে গেলে ওপরে বিস্কুটের গুঁড়া দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ডাল

উপকরণ

সেদ্ধ মুগের ডাল আধা কাপ, সেদ্ধ কালাইয়ের ডাল আধা কাপ, হলুদ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ২ চা চামচ, টমেটো কুচি ২টা, পেঁয়াজ কুচি ২ কাপ, আদা বাটা ১ চা চামচ, ইলিশ মাছের মাথা ৪টা, সরিসার তেল সিকি কাপ, লবণ ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

সব ডাল আলাদা আলাদা করে সেদ্ধ করে নিন। কড়াইয়ে তেল গরম করে তাতে পাঁচফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। লালচে হলে টমেটো কুচি দিন। টমেটো থেকে পানি বের হলে তাতে মাছের মাথা আধা ভাঙা করে দিয়ে কষিয়ে নিন। তারপর সব গুঁড়া আর বাটা মাসালা দিয়ে আরও একবার কষিয়ে নিন। এখন এক এক করে সেদ্ধ করে রাখা সব ডাল দিয়ে  দিন। পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে মাখা মাখা হলে নামিয়ে নিন।