চ্যাম্পিয়নরা পাবে ৫ লাখ টাকা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে প্রথমবারের মতো মাঠে গড়িয়েছে জিডি ট্রফি। দেশের বয়সভিত্তিক ক্রিকেটের ৩টি দল নিয়ে চলা এই প্রতিযোগিতার ফাইনাল আজ। মিরপুরে মুখোমুখি হবে অনূর্ধ্ব-২৩ ও অনূর্ধ্ব-১৯ দল। বেশ তড়িঘড়ি করে প্রথমবার এই টুর্নামেন্ট আয়োজন করলেও খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে ৩ দলকেই আর্থিক পুরস্কারের ব্যবস্থা রেখেছে বিসিবি।

জানা গেছে, চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ টাকা, রানার্সআপ দল পাবে সাড়ে ৩ লাখ এবং তৃতীয় হওয়া অনূর্ধ্ব-১৭ দল পাচ্ছে দেড় লাখ টাকা। এ নিয়ে গেম ডেভেলপমেন্ট বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘শুরুতে আমাদের এমন কোনো পরিকল্পনা ছিল না। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে আর্থিক কিছু প্রণোদনা দেওয়ার ভাবনা ছিল। পরে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে এটা ৩ দলকেই রেখেছি। এবার এসব ক্রিকেটার কোনো ম্যাচ ফি পাচ্ছে না। আশা করি, আগামী বছর থেকে জিডি ট্রফি আরও বড় পরিসরে হবে। তখন আর্থিক সুবিধাও বাড়বে।’