কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়। ওইদিন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার কাশিপুর গ্রামের মিজানুর রহমান লাল্টুর ছেলে ইউছুফ আলী, নিশ্চিন্তপুর গ্রামের নিরঞ্জন বিশ্বাসের ছেলে অবুঝ বিশ্বাস এবং একই এলাকার রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম।

ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় নিজ বাড়ি থেকে ৭০ পিস ইয়াবাসহ ইউছুফ আলীকে আটক করা হয়।

পরে কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ অবুঝ বিশ্বাস এবং একই এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ রবিউল ইসলামকে আটক করা হয়।

পরে ইউছুফ আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর অবুঝ বিশ্বাস ও রবিউল ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, আটক তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।