পারকি সৈকতে অবৈধ স্থাপনা সরাতে প্রশাসনের নির্দেশ

‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারকি সমুদ্র সৈকত এলাকায় সরকারি ১নম্বর খাস খতিয়ানভুক্ত জমি অবৈধভাবে দখল করে মাছের ঘের ও বিভিন্ন দোকান এবং স্থাপনা গড়ে তোলার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।

বিষয়টি নজরে আসার পর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এতে করে সেই স্থানীয় প্রভাবশালীদেরকে দোকান ও স্থাপনা সরাতে নির্দেশ ও সতর্কতা বার্তা দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার। 

‎মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পারকি সমুদ্র সৈকত এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমি অবৈধভাবে দখল করে নির্মাণ করা বিভিন্ন স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি। 

এ সময় মোবাইল কোর্ট অভিযান করে পারকি সমুদ্র সৈকতে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করায় দুই আরোহীকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, পারকি সমুদ্রসৈকতের মতো পর্যটন এলাকায় প্রতিদিন জেলা থেকে এখানে পর্যটকেরা আসেন। এতে পর্যটকদের চাহিদা মেটাতে বিভিন্ন দোকান গড়ে উঠেছে। তবে কিছু চক্র সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে দোকানসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে। তাদের এই অবৈধভাবে নির্মাণ করা স্থাপনাগুলো সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ ও সতর্ক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে না নিলে অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও পরিবেশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।