চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়না আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হলো। বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
মৃত ময়না আক্তার (৩০) চট্টগ্রাম নগরীর বন্দর এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো. সাজেদুর রহমান বলেন, ডেঙ্গু পজিটিভ হওয়ার পর ৬ সেপ্টেম্বর ময়না আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ময়না আক্তার ডেঙ্গু শক সিন্ড্রোম, সেপসিস ও অ্যাকিউট কিডনি ইনজুরিতে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হলো। এছাড়া জুলাই ও আগস্টে দুইজন করে এবং ফেব্রুয়ারিতে একজনসহ এ বছর চট্টগ্রামে সর্বমোট ৭ জনের প্রাণহানি ঘটেছে। মৃতদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ২ হাজার ৬২১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে নগরীতে ১ হাজার ১১৮ জন, বিভিন্ন উপজেলায় ১ হাজার ১৬৭ জন এবং অন্যান্য জেলা থেকে আসা ৩৩৬ জন রোগী রয়েছেন। আক্রান্তদের মধ্যে ১ হাজার ৩৭১ জন পুরুষ, ৭২৫ জন নারী এবং ৫২৫ জন শিশু। বর্তমানে হাসপাতালে ৭৩ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।