জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পারভেজ হাসান (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুন পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ উপজেলার আইরমারী নতুন পাড়া গ্রামের জামাত আলীর ছেলে পারভেজ হাসান।

নিহত পারভেজ এসএসসি পাশ করে কলেজে ভর্তির জন্য আবেদন করেছেন। তার এমন মৃত্যুতে শোকাহত  এলাকাবাসী।

জানা গেছে, আইরমারী নতুন পাড়া আয়মনা মাদবর উচ্চ বিদ্যালয়ের সামনে ফকির আলীর দোকানে বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দিলে পারভেজ হাসান ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারটিতে পরীক্ষা  করতে যান। ত্রুটিপূর্ণ তারটিতে হাত পড়তেই হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়েন পারভেজ। এক পর্যায়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, মৃত্যুর বিষয়টির সত্যতা স্বীকার করে এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।