জামালপুরে রেল লাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে জামালপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ভোররাতে জামালপুর সদর উপজেলার জোকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একদল দুর্বৃত্ত রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে লাইন ক্ষতিগ্রস্ত করে। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেন।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত রেললাইন মেরামত করেন। ধারণা করা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন উপলক্ষে এ নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে চেয়েছিল। তবে সেটি সফল হয়নি।
এ বিষয়ে জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, কেন্দুয়া এলাকায় এমন একটা ঘটনা ঘটেছে। তবে ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ভোর ৪টা থেকে ৫টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বর্তমানে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।