হামে শিশুর মৃত্যু হাজার ছাড়াল

গত ২৪ ঘণ্টায় দেশে হামে উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রামক ভাইরাসজনিত এই রোগ ও এর উপসর্গে এই তিন জন নিয়ে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়াল।

এ সময়ের মধ্যে ৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে, নিশ্চিত হামে ১০০ জন এবং হাম উপসর্গ নিয়ে ৯০২ জনের মৃত্যু হয়েছে। সে হিসেব হিসেবে এক হাজার ২ জনের মৃত্যু হলো।

বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে দুজন মারা গেছে।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪০৪ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৫৬ জন। তারপর রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৫, বরিশালে ৫৭, ময়মনসিংহে ৭৭, খুলনায় ৩৭ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১১৯ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ১ হাজার ৩৪ জন।

এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৭ হাজার ৩৯৩। তাদের মধ্যে ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন হাসপাতাল ছেড়েছে।

দেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৫৮০। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৯০৪।