খুলনায় অর্থ আত্মসাৎ মামলায় এক ব্যবসায়ী ও সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তাসহ সাতজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৭৫২ টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেকেই আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) আদালতে পাঁচ আসামির উপস্থিতি খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুহা. আদীব আলী এরায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন দৌলতপুর থানার ডিসি রোডের মেসার্স ইস্টার্ন ট্রেডসের স্বত্বাধিকারী সনজিৎ কুমার দাস (পলাতক), দৌলতপুর সোনালী ব্যাংক করপোরেট শাখার সাবেক গোডাউন কিপার মো. মতিয়ার রহমান, একই ব্যাংকের সহকারী জেনারেল ম্যানেজার মো.নজরুল ইসলাম, সাবেক সহকারী মহাব্যবস্থাপক মানিক চন্দ্র মন্ডল (পলাতক), সাবেক সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মো. রুহুল আমিন, সাবেক প্রিন্সিপ্যাল অফিসার মো.সিরাজুল ইসলাম, সাবেক অফিসার অজিত কুমার সরকার।
খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো.ইয়াসীন আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।