সারের ডিলার নিয়োগ কার্যক্রম স্থগিত চায় ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন

সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬ অনুযায়ী ডিলারশিপ নিয়োগের কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত রাখতে আবেদন জানিয়ে কৃষি মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। গতকাল কৃষি সচিব মো. সেলিম খান বরাবর পাঠানো এই চিঠিতে এ অনুরোধ করা হয়েছে।

বিএফএ চিঠিতে জানায়, গত ২৭ আগস্ট নতুন নীতিমালা জারি করে সে অনুযায়ী ডিলার নিয়োগের জন্য একটি পরিপত্র জারি করে কৃষি মন্ত্রণালয়। তবে নীতিমালা ও পরিপত্রের কিছু বিধান অস্পষ্ট, বেআইনি ও স্ববিরোধী হওয়ার কথা তুলে ধরে সেগুলোর সঠিক ব্যাখ্যা দাবি করে কৃষি মন্ত্রণালয়ে চিঠি দেয় বিএফএ। কিন্তু এসব বিষয়ে কোনো ধরনের ব্যাখ্যা না দিয়েই নীতিমালা বাস্তবায়ন এবং ডিলার নিয়োগ কার্যক্রম শুরু করে মন্ত্রণালয়। ফলে ডিলার ও আমদানিকারকদের এই সংগঠনের পক্ষ থেকে চলতি মাসের ২ তারিখ হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। পরদিনই হাইকোর্টে বিচারপতি রাজিক-আল-জলিল ও দেবাশীষ রায় চৌধুরীর আদালতে এর ওপর শুনানি অনুষ্ঠিত হয় এবং একটি রুল জারি করা হয়। রুল জারি করে এই আদালত বিএফএর চিঠি কৃষি মন্ত্রণালয় পাওয়ার পর থেকে পরবর্তী ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তির নির্দেশ দেন।

এই ৬০ দিন বা দুই মাস ডিলার নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানিয়ে গতকাল কৃষি মন্ত্রণালয়ে চিঠি দেয় বিএফএ।

জানা গেছে, সারাদেশে সার বিতরণ ব্যবস্থাপনা নিয়ে সংকট তৈরি হয়েছে কৃষি মন্ত্রণালয়ের জারি করা ডিলার নিয়োগের নতুন নীতিমালা জারির পর থেকে। এই ডিলারশিপ নীতিমালা দেওয়ার পর থেকেই গুজব তৈরি হয়েছে, অনেকের ডিলারশিপ বাতিল হয়ে যাচ্ছে। মাঠেও ছড়িয়েছে অস্থিরতা। ডিলারদের একটি সিন্ডিকেট সার উত্তোলন না করেই সংকটের কথা প্রচার করছে, অনেকে আবার সার অন্য জেলায় বিক্রি করে দিয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। এই অবস্থায় কৃষক পড়েছে বেকায়দায়। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার কিনছে। কোথাও কোথাও সার না পেয়ে রাস্তায় আন্দোলন করছেন কৃষক। এর মধ্যেই দুই স্থানে সারের গুদাম লুটের ঘটনাও ঘটেছে।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ডিলারদের সিন্ডিকেট ভাঙতে কৃষি মন্ত্রণালয় গত ২৭ আগস্ট সংশোধন করে নতুন নীতিমালা জারি করে। এই নীতিমালা অনুযায়ী দ্রুত সারাদেশে প্রতিটি ইউনিয়নে একজন করে নতুন ডিলার নিয়োগের কথা জানায় কৃষি মন্ত্রণালয়। এই পরিস্থিতির মধ্যেই নীতিমালার কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন করল বিএফএ।