বাংলা টাইপোগ্রাফি নিয়ে অনুষ্ঠিত হলো ‘লিপিকলা টাইপটক ২০২৬’

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ এএম

বাংলা টাইপফেস, টাইপ ডিজাইন, লিপি ও টাইপোগ্রাফি নিয়ে আলোচনা, মতবিনিময় ও জ্ঞান ভাগাভাগির লক্ষে অনুষ্ঠিত হলো ‘লিপিকলা টাইপটক ২০২৬’।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনে এটি অনুষ্ঠিত হয়। লিপিকলা টাইপ ফাউন্ড্রির আয়োজনে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের টাইপ ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, শিল্পী, প্রকাশক, গবেষক, শিক্ষার্থী ও টাইপোগ্রাফিপ্রেমীরা অংশ নেন।

বাংলা টাইপের চর্চাকে আরও বিস্তৃত করা এবং টাইপ ডিজাইনের সঙ্গে সংশ্লিষ্ট দেশ ও বিদেশের বিভিন্ন ক্ষেত্রের মানুষের মধ্যে সংযোগ ও জ্ঞানবিনিময়ের একটি নিয়মিত প্ল্যাটফর্ম তৈরি করাই লিপিকলা টাইপটকের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিকভাবে পরিচিত টাইপ ডিজাইনার ও বাংলা টাইপ ফাউন্ড্রির প্রতিষ্ঠাতা জ্যাকব থমাস এবং বাংলা টাইপ, লিপি ও টাইপোগ্রাফি বিষয়ে গবেষক, হরফচর্চা সাময়িকীর সহযোগী সম্পাদক ও ডেইলি নিউ এইজ এর উপ-সম্পাদক আবু জার মো. আককাস।

এছাড়াও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের টাইপ ডিজাইন ও গ্রাফিক ডিজাইন অঙ্গনের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, ঢাকি বিশ্ববিদ্যালয়, চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টে প্রফেসর মাকসুদুর রহমান, নিমফিয়া পাবলিকেশনের ক্রিয়েটিভ ডিরেক্টর, আর্টিস্ট ও টাইপ ডিজাইনার আনিসুজ্জামান সোহেল, ইবিএলআইসিটি প্রকল্পের এডভাইজার মামুন অর রশীদ,

আলোচনায় আরও যুক্ত ছিলেন, অভ্র টিমের অন্যতম ডেভেলপার তানভিন আহমেদ সিয়াম, প্রযুক্তিবিদ ও ‘একুশে’ প্রজেক্টের প্রতিষ্ঠাতা অমি আজাদ, বিশিষ্ট টাইপফেস ডিজাইনার ও ডেভেলাপার মুহাম্মদ শহিদুল ইসলাম, কোডপত্র’র প্রতিষ্ঠার ও ডেভেলপার জায়েদ আহসান সাদসহ টাইপ ডিজাইন ও টাইপোগ্রাফি কমিউনিটির আরো অনেকেই।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে বাংলা টাইপের ইতিহাস ও বিবর্তন, বাংলা লিপির গঠন ও বৈশিষ্ট্য, টাইপ ডিজাইনের নান্দনিকতা, প্রযুক্তিগত পরিবর্তন, ডিজিটাল মাধ্যমে বাংলা ফন্টের ব্যবহার এবং সমকালীন বাংলা টাইপ ডিজাইনের নানা সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বক্তারা বাংলা টাইপের উন্নয়নে গবেষণা, আর্কাইভিং, পরীক্ষামূলক কাজ এবং নতুন প্রজন্মের ডিজাইনারদের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় উঠে আসে, বাংলা টাইপের ভবিষ্যৎ শুধু নতুন ফন্ট তৈরির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বাংলা লিপির ইতিহাস, ব্যবহার, প্রযুক্তি, নান্দনিকতা ও সাংস্কৃতিক প্রেক্ষাপটকে সমন্বিতভাবে বোঝা এবং তা নিয়ে নিয়মিত গবেষণা ও আলোচনা করাও জরুরি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লিপিকলা টাইপ ফাউন্ড্রির প্রতিষ্ঠাতা কাজী যুবাইর মাহমুদ। তিনি বলেন, 'লিপিকলার যাত্রা শুরু হয়েছিল বাংলা টাইপকে শুধু একটি ডিজাইনের বিষয় হিসেবে নয়। ভাষা, সংস্কৃতি ও ভিজ্যুয়াল পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখার জায়গা থেকে।'

তিনি আরও বলেন, 'লিপিকলা টাইপটক সেই ভাবনা থেকেই শুরু হয়েছে। আমরা চাই, এখানে অভিজ্ঞ টাইপ ডিজাইনার ও গবেষকদের পাশাপাশি নতুন প্রজন্মের ডিজাইনার, শিক্ষার্থী এবং বাংলা টাইপ নিয়ে আগ্রহী মানুষেরাও তাদের ভাবনা ও প্রশ্ন নিয়ে অংশ নিক। বাংলা টাইপের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ করতে আমাদের প্রয়োজন সম্মিলিতভাবে শেখা, প্রশ্ন করা এবং নিজেদের কাজকে সমালোচনার মধ্য দিয়ে এগিয়ে নেওয়া। আজকের এই আয়োজন সেই ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যারা তাদের সময়, জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করেছেন, তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।'

অনুষ্ঠানে লিপিকলার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও বাংলা টাইপ ও টাইপোগ্রাফি নিয়ে আরও নিয়মিত আয়োজন, আলোচনা, গবেষণা ও প্রকাশনা কার্যক্রম পরিচালনা করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত