দীর্ঘ প্রায় দেড় যুগ পর পরিচালনায় ফিরছেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। তার নতুন সিনেমা ‘ছায়া : দ্য শ্যাডো’তে নায়ক হচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সাধারণ সম্পাদক জয় চৌধুরী। জানা গেছে, অক্টোবরের তৃতীয় সপ্তাহে শুরু হবে ‘ছায়া : দ্য শ্যাডো’ সিনেমার শুটিং। এর গল্পটা হবে একটি ভাইরাসকেন্দ্রিক। এতে জয় চৌধুরীকে ‘সুপার হিউম্যান’ হিসেবে দেখা যাবে পর্দায়। তার সঙ্গে নায়িকা হিসেবে বাংলাদেশ এবং কলকাতা থেকে দুজন থাকবেন। তবে তাদের এখনো চূড়ান্ত করা হয়নি।
সিনেমাটি নিয়ে রুবেল যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে খবরটির সত্যতা জানিয়ে জয় চৌধুরী বলেছেন, গল্প-পরিকল্পনা সবই চূড়ান্ত। এখন চলছে প্রস্তুতি। সবকিছু গোছানো শেষে সিনেমাটির ঘোষণা দেওয়া হবে।
উল্লেখ্য, রুবেল সর্বশেষ ২০০৮ সালে ‘রক্ত পিপাসা’ সিনেমাটি বানিয়েছিলেন। এরপর নির্মাণ থেকে যেমন দূরে সরে যান, তেমনি সরে গেছেন অভিনয় থেকেও। অনেক দিন ধরে তাকে অভিনয়েও সেভাবে পাওয়া যাচ্ছে না।