গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে আদেশের জন্য আগামী ১৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। অভিযোগ গঠনের পক্ষে-বিপক্ষে উভয়পক্ষের আইনজীবীদের শুনানি নিয়ে গতকাল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করে। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। কারাগারে থাকা আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী এম লিটন আহমেদ। আর পলাতক আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন ও এম হাসান ইমাম। ২৬ আসামির মধ্যে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিনসহ আট আসামি কারাগারে আছেন। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ১৮ আসামি এখনো পলাতক।