বরগুনায় ভেসে এলো বিশাল আকৃতির মৃত তিমি

বরগুনার তালতলী উপজেলার আন্দারমানিক নদীর তীরে ভেসে এসেছে ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি মাছ। খবর পেয়ে বন বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা মাছটিকে উদ্ধার করেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া এলাকার খেয়াঘাট সংলগ্ন আন্ধারমানিক নদী থেকে মৃত তিমিটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় জোয়ারের স্রোতে সমুদ্র থেকে মৃত তিমিটি ভেসে এসে আন্দারমানিক নদীর তীরে আটকে পড়ে। সকালে জেলেরা নদীর তীরে বিশাল আকৃতির মৃত তিমি মাছটি দেখতে পায়। এ খবর ছড়িয়ে পড়লে তিমিটিকে দেখতে মানুষের ভিড় বাড়তে থাকে। পরে খবর পেয়ে বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে তিমিটিকে উদ্ধার করেন।

বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বন বিভাগের সদস্যরা। বিশাল আকৃতির তিমিটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশদূষণ এড়াতে এটিকে মাটিচাপা দেওয়া হবে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, খবর পেয়ে বন বিভাগের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে  গিয়েছে। কোস্ট গার্ড সদস্যরাও সেখানে রয়েছেন। মৃত তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে। তবে কালো রঙের বিশাল আকৃতির তিমিটি কোন প্রজাতির, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।