ড. আবদুল মঈন খান বললেন

ছাত্রসমাজ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে লেখাপড়াও করবে

অন্যায়, জুলুমের বিরুদ্ধে ছাত্রসমাজকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, আন্দোলন-সংগ্রামের পাশাপাশি তাদের লেখাপড়ার দায়িত্বও যথাযথভাবে পালন করতে হবে। গতকাল বুধবার বাংলা একাডেমি প্রাঙ্গণে জিয়া স্মৃতি বইমেলা উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশের কোনো সংকট দেখা দিলে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে। অতীতেও ছাত্ররা দেশের বিভিন্ন ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানেও দেশকে নতুন দিকনির্দেশনা দিয়েছে। অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন ও স্বৈরশাসনের বিরুদ্ধে তারা যে ভূমিকা রেখেছে, তা গুরুত্বপূর্ণ। লেখাপড়া বাদ দিয়ে এই দায়িত্ব পালন করা যাবে না। দেশ ও সমাজের প্রয়োজনে তারা এগিয়ে আসবে, কিন্তু কোনোভাবেই শিক্ষাজীবন ও জ্ঞানচর্চা থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না।

জিয়া স্মৃতি বইমেলা উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী বলেন, বই ও পাঠাগার শুধু জ্ঞানচর্চার মাধ্যম নয়, একটি জাতির ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতা সংরক্ষণেরও গুরুত্বপূর্ণ মাধ্যম। মানবসভ্যতার বিকাশের সঙ্গে বইয়ের ইতিহাসও গভীরভাবে জড়িয়ে আছে। তাই প্রযুক্তির দ্রুত পরিবর্তনের মধ্যেও বই পড়ার সংস্কৃতি ধরে রাখা জরুরি।