‘ব্রো’ সম্বোধন নিয়ে শেকৃবিতে মারামারি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। লিফটে ওঠার সময় সিনিয়র শিক্ষার্থীকে ‘ভাই’ না বলে ‘ব্রো’ সম্বোধন নিয়ে ঘটনার সূত্রপাত হয়।

গত মঙ্গলবার দুপুরে বিজয়-২৪ হলে ঘটনার সূত্রপাত। এরপর রাতে শেরেবাংলা হলের সামনে তা সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার দুপুরে বিজয়-২৪ হলের লিফটে ওঠার সময় ২৩ ব্যাচের রাতুল হাসান রুম্মান নামে এক শিক্ষার্থী ২১ ব্যাচের শরীফকে ‘হেই ব্রো, লিফটটি ধরেন’ বলে ডাকেন। সিনিয়রের পরিচয় না দিয়ে ‘ব্রো’ বলায় শরীফ তার ওপর ক্ষিপ্ত হন এবং লিফটে উঠতে বাধা দেন। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়।

জানা গেছে, রুম্মান ছাত্রদল নেতা জিবরাইল শরীফের অনুসারী। ঘটনার একপর্যায়ে শরীফ ঘটনাস্থলে উপস্থিত হন এবং সংঘর্ষে জড়ান। শরীফকে মারধরের ঘটনার খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠীরা এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রুম্মানের দাবি, দুপুরে ক্লাস শেষে ক্লান্ত থাকায় তিনি ‘ভাই’ না বলে ‘ব্রো’ বলেছিলেন, এ নিয়ে তাকে বকাঝকা ও মারধর করা হয়েছে।

২১ ব্যাচের শরীফের দাবি, রাতে শেরেবাংলা হলের ক্যান্টিনের সামনে রুম্মানসহ কয়েকজন তার পথরোধ করে হামলা চালান। আত্মরক্ষা করতে গিয়ে রুম্মানের কপাল কেটে যায়। তিনি অভিযোগ করেন, ছাত্রদল নেতা জিবরাইল শরীফ ১৫-২০ জনকে সঙ্গে নিয়ে এসে তার কলার ধরে হলের বাইরে নিয়ে যান, গালাগাল করেন এবং ক্যাম্পাস থেকে বের করে দেওয়া, পুলিশে দেওয়া এবং মামলার হুমকি দেন।

অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা জিবরাইল শরীফ বলেন, ‘হলের ভেতরে হইচই শুনে গিয়ে দেখি ছোটভাইয়ের সঙ্গে সিনিয়রের সমস্যা হয়েছে। বিষয়টি সমাধানের জন্য গেস্টরুমে বসতে চাইলে অনিমেশ রায় নামে ২১ ব্যাচের এক শিক্ষার্থী অন্যদের খবর দেয়। পরে তারা এসে কথা কাটাকাটি ও হাতাহাতিতে জড়ায়।’